মানসম্পন্ন ক্রিকেটারের ঘাটতি রয়েছে: লিপু
বাংলাদেশে এখনো মানসম্পন্ন ক্রিকেটারের বেশ ঘাটতি রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু।
নিলামের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দলবদলের পরদিন এ মন্তব্য করলেন তিনি।
“১৬ পর্বের নিলামের ৮ পর্ব শেষে ক্রিকেটার বেছে নিয়ে গলদঘর্ম হতে হয়েছে ক্লাবগুলোকে। এটা দেশের ক্রিকেটের জন্য মোটেও কোনো ভালো বার্তা নয়।”
ক্রীড়া উন্নয়ন বিভাগের নেয়া পরিকল্পনা সফল হলে দুই-তিন বছরের মধ্যে দৃশ্যপট অনেকটা পাল্টে যাবে বলে আশাবাদী সাবেক এই অধিনায়ক।
অ্যাডহক কমিটির সদস্য লিপু ক্যাটাগারি ‘সি’ থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, “সবার আগে ক্রিকেট ক্যালেন্ডার আগে ‘পারফেক্ট’ হতে হবে। প্রতিবছর আমরা ক্যালেন্ডার করা নিয়ে হোঁচট খাই। এ বছর জাতীয় লিগও একাধিকবার পেছাতে হয়েছে। ক্লাবের কারণে কখনো কখনো সময় মতো খেলা শুরু করতে পারি না। গত মৌসুমে সময় মতো লিগ না হওয়ায় অ্যাকাডেমির জন্য নতুন ব্যাচ নেয়া যায়নি।”
“খেলোয়াড়দের মান যেমন বাড়াতে হবে, তেমনি বিভিন্ন মাঠের সুযোগ-সুবিধাগুলোও বাড়াতে হবে। অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন এবার লিগে খেলছেন। এটা একটা আশার দিক,” যোগ করেন তিনি।
কাগজে-কলমে আবাহনী ক্লাবকে দুর্বল ভাবা হলেও মাঠে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী লিপু। তিনি বলেন, “তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে আবাহনী। লিটন, নাফীস, নাজিম উঁচু মানের ব্যাটসম্যান। আলাউদ্দিন বাবু এবং দুই আল-আমিনকে নিয়েও আমি আশাবাদী।”
