২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

তবে মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে প্রথম দিনে ১০ জন ক্রিকেটার এবং কোচ ওশাদি বীরাসিংহে অনুপস্থিত ছিলেন।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

অনুশীলন শেষে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, “হাল্কা মেজাজে অনুশীলন শুরু হয়েছে। ৩২ জনের ১০ জন আজ ছিল না, কোচও আসেননি। দুই-এক দিনের মধ্যে কোচ এসে যাবেন।”

তিনি আরো বলেন, “দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতি নেবো। তবে হাতে খুব বেশি সময় নেই। হয়তো ১০-১১ দিন সময় পাবো।”

“ম্যাচ অনুশীলনে ঘাটতি রয়েছে। মাঠের সমস্যার কারণে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হবে কিনা জানি না।”

গত বছর দেশে সুবিধাজনক অবস্থানে থেকেও দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের দুঃখ এখনো ভুলতে পারেননি সালমা ও তার সতীর্থরা। দক্ষিণ আফ্রিকাকে এবার তাদের মাটিতে হারানোর সংকল্প তাদের।

এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “নিজেদের মাঠে আমরা বাজে ফিল্ডিংয়ের কারণে হেরেছিলাম। এবার ফিল্ডিংয়ের দিকে বাড়তি নজর দিচ্ছি। প্রতিশোধের মিশন হিসেবে দেখছি না। কিন্তু জেতার লক্ষ্য নিয়ে আমরা দক্ষিণ আফ্রিকা যাব।”