২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালে ইংল্যান্ডের ধীরগতির ব্যাটিং

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে টানা তৃতীয় অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলা ইংল্যান্ডের সম্ভবত ওভাল টেস্ট ড্র করাই লক্ষ্য। নইলে এত ধীরগতিতে ব্যাট করবে কেন স্বাগতিকরা!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:18 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শুক্রবার পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৯৯ ওভারের মতো ব্যাট করে মাত্র ২১৫ রান করেছে অ্যালিস্টার কুকের দল। ৪ উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ২৪৫ রানে পিছিয়ে আছে। ফলো-অন এড়াতে আর মাত্র ৪৬ রান প্রয়োজন।

রৌদ্রোজ্জ্বল দিনে বিনা উইকেটে ৩২ রান নিয়ে ব্যাট করতে নামা দলকে প্রথম এক ঘণ্টা কোনো ক্ষতি হতে দেননি কুক ও জো রুট। উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ৬৮ রান। এবারের অ্যাশেজে এটাই ইংল্যান্ডের সেরা উদ্বোধনী জুটি।

কিন্তু প্রথম পানি-পানের বিরতির তিন বল পরই ছন্দপতন। রায়ান হ্যারিসের অফস্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের দারুণ এক ক্যাচে পরিণত হন ইংল্যান্ড অধিনায়ক কুক (২৫)।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৮০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলা রুট অবশ্য ঠাণ্ডা মাথায় ব্যাট করে যাচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে তার সঙ্গী জোনাথন ট্রট ছিলেন আরো সাবধানী। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত তাই আর কোনো ক্ষতি হয়নি ইংল্যান্ডের।

তবে চা-বিরতির আগে দুজনকেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ট্রটের সঙ্গে ৫০ রানের জুটি গড়া রুট (৬৮) অফস্পিনার নাথান লিয়নকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন-লেগে শেন ওয়াটসনকে সহজ ক্যাচ দেন।

আর কেভিন পিটারসেনকে নিয়ে ৫৮ রানের জুটি গড়া ট্রটকে (৪০) নতুন বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক।

৫০ রান করা পিটারসেনও স্টার্কের শিকার। সিরিজে তিনটি শতক করা ইয়ান বেল দিন শেষে ২৯ রানে অপরাজিত। তার সঙ্গে থাকা অভিষিক্ত ক্রিস ওকস ব্যাট করছেন ১৫ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৯২/৯ ডিক্লে. (ওয়াটসন ১৭৬, স্মিথ ১৩৮*; অ্যান্ডারসন ৪/৯৫)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৭/৪ (কুক ২৫, রুট ৬৮, ট্রট ৪০, পিটারসেন ৫০, বেল ২৯*, ওকস ১৫*; স্টার্ক ২/৬০, লিয়ন ১/৪১, হ্যারিস ১/৪১)