২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ’ দলের সিরিজ হার

ইংল্যান্ড সফরে হেরেই চলেছে বাংলাদেশ ‘এ’ দল। ইংল্যান্ড লায়ন্সের কাছে দ্বিতীয় ওয়ানডেতেও ১৯১ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। প্রথম ম্যাচ ২০২ রানে জেতায় তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 12:24 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে পাঁচটি প্রস্তুতি ম্যাচেও হেরেছিল ‘এ’ দল।

বৃহস্পতিবার টন্টনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ গড়ে লায়ন্স।

৭০ রানে জেমস ভিন্সের (২৮) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে মাইকেল কারবেরির সঙ্গে জেমস টেইলের ১৮৫ রানের জুটি লায়ন্সকে বড় সংগ্রহ এনে দেয়। ১৪৬ রান করা কারবেরির ১৩২ বলের ইনিংসে ১৮টি চার ও ৪টি ছক্কা।

টেইলর অপরাজিত থাকেন ১০৬ রানে। তার ১০০ বলের ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

শেষ দিকে জশ বাটলারের ২৩ বলে ৪৭ ও বেন স্টোকসের ১২ বলে অপরাজিত ২৩ রান শেষ ৯ ওভারে ১১২ রান এনে দেয় স্বাগতিকদের। আগের ম্যাচে শতক করা গ্যারি ব্যালেন্স ও লুক রাইট বৃহস্পতিবার ব্যাট করতে নামেননি।

প্রথমটির মতো দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের ইনিংস শেষে ফলাফল নিয়ে কোনো সংশয় থাকেনি।

আট জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করলেও জহরুল ইসলাম (৫৩) ও নাঈম ইসলাম (৩১) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় আরেকটি বিশাল হার এড়াতে পারেনি ‘এ’ দল।

৩৮ রানে ৪ উইকেট নিয়ে ক্রিস জর্ডান লায়ন্সের সেরা বোলার।

শনিবার একই মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে ইংল্যান্ড সফর শেষ হবে ‘এ’ দলের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড লায়ন্স: ৫০ ওভারে ৩৬৭/৩ (কারবেরি ১৪৬, ভিন্স ২৮, টেইলর ১০৬*, বাটলার ৪৭, স্টোকস ২৩*; জিয়া ১/৪১, রবিউল ১/৬৭, আল-আমিন ১/৬৯)

বাংলাদেশ ‘এ’: ৪৪.৪ ওভারে ১৭৬ (জহুরুল ৫৩, শামসুর ১১, এনামুল ১২, মমিনুল ০, নাঈম ৩১, মার্শাল ৮, জিয়া ১০, সানি ১৬*, সোহাগ ১২, রবিউল ০, আল-আমিন ১৫; জর্ডান ৪/৩৮, কারবেরি ১/১, রাইট ১/১৩, স্টোকস ১/২১, র‌্যাঙ্কিন ১/২২, উইলি ১/৪৪)।