২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নায়ুবিদ দেখাতে হবে উমর আকমলকে

বিমানে অজ্ঞান হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের মাঝপথে দেশে ফিরে আসা পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে ভালোভাবে পরীক্ষা করানোর জন্য স্নায়ুবিদের কাছে যেতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 01:23 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

গত সপ্তাহে জ্যামাইকা যাওয়ার পথে বিমানে জ্ঞান হারিয়ে ফেলেন সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসে সাকিব আল হাসানের সতীর্থ উমর। দল সেমিফাইনালে উঠলেও তাকে দেশে ফিরে আসতে হয়।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো খেললেও অসুস্থতার কারণে আসন্ন জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে উমরকে রাখেনি পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, “উমরের শারীরিক অবস্থা জানার জন্য পিসিবি একজন স্নায়ুবিদের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করেছে।” পাকিস্তানের প্রখ্যাত স্নায়ুবিদ ও প্রসিদ্ধ ক্রিকেট-লেখক ডা. সাদ শাফকাত অবশ্য এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না। তিনি বলেন, “এমআরআই রিপোর্টে কিছু পাওয়া না গেলে কোনো সমস্যা হবে না। সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।” “উমরের বয়সে মৃগী রোগের প্রকোপ খুব বেশি হয় না। তাই আমাদের এটাকে কঠিন রোগ হিসেবে ধরারও প্রয়োজন নেই।”