সাজেদুলকে পাল্টে দিচ্ছেন জার্গেনসেন
বোলিং নিয়ে জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম।
মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার বোলিং টেকনিক নিয়ে শেনের সঙ্গে কাজ করছি। আগে উপর থেকে বল ছাড়তাম উনি একটু নীচ থেকে বল ছাড়তে বলেছেন।”
“আগে ‘নন-বোলিং হ্যান্ড’ ব্যবহার করতাম না। উনি এখানে ছোট্ট একটা পরিবর্তন এনেছেন, এতে গতি কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে।”
রান আপ, সুইং নিয়েও জার্গেনসেনের সঙ্গে কাজ করছেন বলে জানান সাজেদুল।
“কাল (বুধবার) থেকে রানআপ নিয়ে কাজ শুরু করবেন জার্গেনসেন। সুইং নিয়েও কাজ করছি। আগে ইনসুইং করতে গেলে ব্যাটসম্যান বুঝে ফেলতো, এখন থেকে সহজে বুঝতে পারবে না।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে পেসাররা সাফল্য পাবেন বলে মনে করেন সাজেদুল, “আমাদের পেসারদের মূল সমস্যা ফিটনেস। এবার দীর্ঘ সময় নিয়ে ফিটনেস অনুশীলন করেছি। আমি আশাবাদী নিউ জিল্যান্ডের বিপক্ষে পেসাররা এবার ভালো করবে।”
অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড।
এই মুহূর্তে জাতীয় দলে আর কোনো বাঁহাতি পেসার নেই। কম্বিনেশনের কথা চিন্তা করে দলে স্থান পাওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে একটু এগিয়ে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “দলের সবাই উঁচু মানের বোলার। যে কারোর খেলার সম্ভাবনা আছে। কম্বিনেশনের কথা চিন্তা করলে হয়তো একটু এগিয়ে থাকতে পারি।”
২০০৮ সালে অভিষিক্ত সাজেদুল তিনটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। এখনো দেশের মাটিতে ‘অভিষেক’ হয়নি তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলতে চান তিনি।
“নিউ জিল্যান্ডে অভিষেকের পর গত এপ্রিল-মেতে জিম্বাবুয়েতে খেলেছি। এখনো দেশের মাটিতে খেলার সুযোগ পাইনি। আমি আত্মবিশ্বাসী এখানে খেললে ভালো করবো।”
