২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার 'বাংলাওয়াশ' চান জার্গেনসেন

নিউজিল্যান্ডকে সবগুলো ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিততে চান বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 05:05 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের ফাঁকে জার্গেনসেন বলেন, “আমি তো চাইব নিউজিল্যান্ডকে আবার ‘বাংলাওয়াশ’ করতে। তবে এটা করা খুবই কঠিন কাজ হবে। ওরা এখন অনেক ভারসাম্যপূর্ণ একটি দল।”

২০১০ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছিল। এটাই তখন ‘বাংলাওয়াশ’ নামে পরিচিত হয়।

আগামী অক্টোবরে দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে সফরে আসবে নিউজিল্যান্ড।

এর আগে ফিটনেস বাড়ানোটাকে খুব গুরুত্ব দিচ্ছেন জার্গেনসেন। ঈদের আগে ফিটনেস নিয়ে কাজ করেছিলেন, ঈদের পরও কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দুদিন ফিটনেস অনুশীলন প্রাধান্য পেয়েছে।

Image
জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে কন্ডিশনিং ক্যাম্পে কঠোর অনুশীলনে ক্রিকেটাররা।

জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে কন্ডিশনিং ক্যাম্পে কঠোর অনুশীলনে ক্রিকেটাররা।

মঙ্গলবার থেকে স্কিল অর্থাৎ ব্যাটিং-বোলিং অনুশীলন জোরদার হবে জানিয়ে জার্গেনসেন বলেন, “নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করছি।”

“সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি মৌসুম ক্রিকেটারদের সামনে। ঐ সময়ে প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাবে। সামনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আছে সে সময় খেলার সুযোগ থাকছে। লিগ না হলে নিজেরাই প্রস্তুতি ম্যাচ খেলবে।”

বিপিএলের ম্যাচ পাতানো ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রধান কোচ। তিনি বলেন, “এই ইস্যুতে ওরা (খেলোয়াড়রা) কিছু বলেনি, আমিও ওদের কিছু বলিনি। এটাকে পেছনে ফেলে আমরা ক্রিকেটে নজর দিতে চাই।”

নিউজিল্যান্ডের বিপক্ষে শতভাগ ফিট মাশরাফি বিন মুর্তজাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী জার্গেনসেন। চিকিৎসক দলের পরামর্শ শুনেই দেশসেরা পেসারকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলতে পাঠানো হয়নি বলে জানান তিনি।