২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টির গুণমুগ্ধ টেন্ডুলকার, গাঙ্গুলী, দ্রাবিড়

ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যখন টি-টোয়েন্টির সমালোচনায় মুখর তখন উল্টো পথে হাটলেন ভারতের তিন ক্রিকেট মহারথী শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। ক্রিকেটের সবচেয়ে কম দৈর্ঘ্যের এই ফরম্যাটের প্রয়োজনীয়তার কথা জানালেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে সাবেক দুই সতীর্থ গাঙ্গুলী ও দ্রাবিড়ের উপস্থিতিতে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার বলেন, “শুরুতে ভেবে আমরা অবাক হতাম যে ক্রিকেটে এটা আমাদের কি উপকারে আসবে। কিন্তু একটা সময় পার হওয়ার পর বুঝতে পারলাম যে এর প্রয়োজনীয়তা আছে।”

ঐ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশটির আরেক সাবেক ব্যাটসম্যান ৬৪ বছর বয়সী গুন্ডাপ্পা বিশ্বনাথ।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সাবেক অধিনায়ক গাঙ্গুলীও ২০ ওভারের টি-টোয়েন্টির প্রশংসায় পঞ্চমুখ, “আজকের ক্রিকেটে অনেক বেশি শট খেলা হয়, অনেক টেস্টই আজ জয়-পরাজয়ে নিষ্পত্তি হচ্ছে। টি-টোয়েন্টিই এই নতুনত্ব এনেছে।”

টেস্টের ব্যাটিং স্তম্ভ দ্রাবিড় সতীর্থদের সঙ্গে কণ্ঠ মেলাতে বলেন, “আপনাকে কিছু শট খেলা শিখতে হবে। টেস্টে আমি যেমন ব্লক করি তেমনটা আপনি এখানে করতে পারবেন না।”

৪০ বছর বয়সী দ্রাবিড় বলেন “ভালো খেলোয়াড়েরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে। গত আইপিএলে ক্রিস গেইল, মাইকেল হাসি ও এবি ডি ভিলিয়ার্সের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো আসরটাকে কিভাবে শাসন করেছে তারা। টেস্টেও তারা ইতোমধ্যে নিজেদের সফল হিসেবে প্রমাণ করেছে।”

তবে আন্তর্জাতিক ক্রিকেটে একশ'টি শতকের মালিক টেন্ডুলকার মনে করেন ওয়ানডে আর টেস্টের চেয়ে টি-টোয়েন্টিতে 'নায়ক' হওয়া অনেক সহজ।

“টেস্টে, এমনকি ওয়ানডেতেও ব্যাটিংয়ের সাধারণ জ্ঞানটা খুবই প্রয়োজন। কিন্তু টি-টোয়েন্টিতে এর তেমন প্রয়োজন নেই। ক্রিকেটের এটাই একমাত্র সংষ্করণ যেখানে তিন-চার বলেই আপনি হিরো হয়ে যেতে পারেন।”