২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনে আবার ব্যর্থ তামিম

মারলন স্যামুয়েলসের অফস্পিনে আবার ধরাশায়ী হলেন তামিম ইকবাল। তবে তার দল সেন্ট লুসিয়া জুকস সফল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে অ্যান্টিগা হকসবিলসকে ১৭ রানে হারিয়েছে তারা।

অ্যান্টিগার মাঠ স্যার ভিভিয়ার রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে সেন্ট লুসিয়া।

প্রথম ওভারের তৃতীয় বলে পেসার কেমার রোচকে দারুণ এক চার মেরে শুরুটা ভালোই করেছিলেন তামিম। তৃতীয় ওভারে রোচকে একবার এবং পরের ওভারে বাঁহাতি পেসার শেলডন কোটারেলকে আরো দুবার সীমানা ছাড়া করেন তিনি।

দুই পেসারকে ভালো ভাবে সামাল দিলেও স্পিনে আবার ব্যর্থ তামিম। নিজের প্রথম ওভারেই তাকে ফিরিয়ে দেন স্যামুয়েলস। ১৯ বলে ২০ রান করা তামিমকে কাইরন পাওয়েলের ক্যাচে পরিণত করেন অ্যান্টিগা অধিনায়ক।

দুই দলের প্রথম দেখায় স্যামুয়েলসের অফস্পিনে বোল্ড হয়েছিলেন তামিম। সেই ম্যাচে ৩৩ রান করেছিলেন তিনি।

তামিম আবার ব্যর্থ হলেও সেন্ট লুসিয়াকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা আন্দ্রে ফ্লেচারের। ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৭৬ রান করেন তিনি। ৩৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ড্যারেন স্যামি।

অ্যান্টিগার পক্ষে স্যামুয়েলস ও রাহকিম কর্নওয়াল দুটি করে উইকেট নেন।

জবাবে অ্যান্টিগা ১০ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হতে পারেনি। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে এ সময় জয়ের জন্য ৯৩ রান প্রয়োজন ছিল তাদের।

সর্বোচ্চ ২৪ রান আসে জাহমার হ্যামিল্টনের ব্যাট থেকে। ২২ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

সেন্ট লুসিয়ার পক্ষে গ্যারি মাথুরিন ২৬ রানে ২ উইকেট নেন।