রাতে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট?
দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কা দলকে প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি মনে করে, আরব আমিরাতে তিন টেস্টের এ সিরিজে দুবাই অথবা আবু ধাবির স্টেডিয়ামে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করা সম্ভব হবে।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও এখনও কোনো ক্রিকেট বোর্ড তা আয়োজন করেনি। দিন রাত মিলিয়ে এ টেস্টে কখন এবং কী ধরনের বল দিয়ে খেলা হবে তা বোর্ডগুলোর উপরই ছেড়ে দিয়েছে আসিসি।
পিসিবি এখন ক্রিকেটের নতুন এই ফরম্যাট পরীক্ষা করে দেখতে চায়। আবু ধাবিতে এরই মধ্যে কিছু দিবা-রাত্রির প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে তারা।
পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার বলেন, আমরা রাতে একটি টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। আমরা দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে আগ্রহী, কারণ আমরা মনে করি এতে টেস্টে মানুষের আগ্রহ ফিরে আসবে। এখন আলোচনা করে বলের ব্র্যান্ড ও রঙ নির্ধারণ করতে হবে।"
দুবাই ও আবু ধাবিতে ডিসেম্বর ও জানুয়ারিতে শিশির পড়ার কোনো ঝামেলা থাকবে না।
শ্রীলঙ্কা এখনও দিবা-রাত্রির প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালায়নি। তবে নতুন ধরনের এ ফরম্যাটে প্রথম টেস্ট ক্রিকেট খেলে ইতিহাসের অংশ হয়ে থাকতে আগ্রহী তারা।
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি জয়ন্থা ধর্মদাসা জানান, বোর্ড এখনও পাকিস্তানের এ প্রস্তাব নিয়ে বড় ধরনের আলোচনা করেনি। তবে কোনো বড় ধরনের আপত্তি না এলে শ্রীলঙ্কা রাতের আলোয় টেস্ট খেলতে রাজি হতে পারে।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে আরব আমিরাতে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। শ্রীলঙ্কার সঙ্গে এ সিরিজে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। দুবাই ও আবু ধাবি ছাড়াও খেলা হবে শারজাতে।
