আসিফের ক্ষমা প্রার্থনা
অবশেষে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তিই শুধু পাননি, ইংল্যান্ডে কয়েক মাস কারাবরণও করতে হয়েছিল আসিফকে। কিন্তু তিনি কখনোই এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি।
তবে বুধবার করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের দোষ অকপটে স্বীকার করেন আসিফ। তিনি বলেন, “আজ আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি। নিজের পরিবার এবং দেশকে অসম্মানিত করার জন্য আমি লজ্জিত। জাতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমি ক্ষমা চাচ্ছি।”
আসিফ আরো বলেন, “যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। জানি না সব কিছু স্বীকার করায় এখন কী হবে। তবে আমি এখন আমার বিবেকের কাছে পরিষ্কার। গত কয়েক বছর আমাকে অনেক টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে হয়েছে। কিন্তু তার জন্য আমি নিজেই দায়ী এবং যে শাস্তি পেয়েছি তা আমার প্রাপ্য।”
