বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল
এসিসি ইমার্জিং কাপে অংশ নিতে বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই দলের অধিনায়ক মাহমুদুল হাসান।
আগামী ১৭ থেকে ২৫ অগাস্ট দুটি ভেন্যুতে আট জাতির এই টুর্নামেন্ট হবে।
বাংলাদেশসহ এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল এসিসি ইমার্জিং কাপে অংশ নেবে। প্রতিযোগিতার বাকি চার দল আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক সিঙ্গাপুর। এই চারটি দলেরই জাতীয় দল অংশ নেবে।
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর।
‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।
১৭ অগাস্ট কালাং ক্রিকেট মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব মাঠে ১৮ তারিখ শ্রীলঙ্কা এবং একই মাঠে ২২ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তরুণদের গ্রুপের বাকি দুই ম্যাচ।
দুটি সেমিফাইনাল ২৩ অগাস্ট এবং ফাইনাল ২৫ অগাস্ট হবে।
অনূর্ধ্ব-২৩ দল:
মাহমুদুল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাশ, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ, রনি তালুকদার, নূর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল অপু, দেওয়ান সাব্বির আহমেদ, আরিফুল হক ও আবু জায়েদ চৌধুরী।
