ব্যাটসম্যানদের লেম্যানের হুমকি
অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটম্যানদের ক্যারিয়ার এখন হুমকির মুখে বলে হুঁশিয়ার করেছেন কোচ ড্যারেন লেম্যান।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ভেঙ্গে পড়ায় চতুর্থ দিনেই ডারহাম টেস্ট শেষ করে এক ম্যাচ থাকতেই অ্যাশেজ সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।
সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ টেস্ট জিততেই হতো অতিথিদের। ২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে এক উইকেট হারিয়ে ১৪৭ রানও করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এর পরেই ৭৭ রানের মধ্যে নয় উইকেট হারায় তারা।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান লেম্যান এই ব্যাটিং ব্যর্থতার প্রবল সমালোচনা করে আভাস দেন, শতক হাকানো ওপেনার ক্রিস রজার্স আর অধিনায়ক মাইকেল ক্লার্কই কেবল দল থেকে বাদ পড়ার ঝুঁকি থেকে মুক্ত আছেন।
বাকিদের ক্যরিয়ার হুমকির মুখে কিনা জানতে চাইলে অস্ট্রেলিয়ার কোচ বলেন, "হ্যা, এতে কোনো ভুল নেই। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে হলে আপনাকে গ্রহণযোগ্য পর্যায়ে পারফর্ম করতে হবে। এ মূহুর্তে আমরা তা করছি না।
কোচ বলেন, "আমাদের ভুল থেকে শিখতে হবে। যদি তারা (ব্যাটসম্যানরা) না শিখে তবে আমি অন্যদের খুঁজে নেবো যারা শিখতে চায়।"
"কেউই দলে নিশ্চিত নয় মাইকেল ক্লার্ক আর ক্রিস রজার্স ছাড়া", যোগ করেন তিনি।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ব্যটসম্যানদের মধ্যে কেবল ক্লার্ক আর পাঁচ বছর পরে দলে সুযোগ পাওয়া রজার্সই কেবল শতক করেছেন।
"আমি আশা করেছিলাম আমরা অনায়াসেই জিতবো। কিন্তু আমাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার খুবই খারাপ করেছে। বলতে গেলে ওয়ার্নার, ক্লার্ক আর রজার্স ভালো বলে আউট হযেছে। বাকিদের সোজা ব্যাটে খেলা উচিত ছিল।"
ব্যাটম্যানদের হুমকি দিয়ে রাখলেও বোলারদের প্রশংসা করেছেন কোচ, "দলের জন্য প্রয়োজনীয় উইকেট নিয়ে বোলাররা সিরিজজুড়ে আসলেই ভালো করেছে।
