ইংল্যান্ডের টানা তৃতীয় অ্যাশেজ জয়
এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। সোমবার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারানো স্বাগতিকরা পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে। এটা ইংল্যান্ডের টানা তৃতীয় অ্যাশেজ জয়।
ডারহ্যামের চেস্টার-লি-স্ট্রিটে ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১০৯ রানের জুটি গড়ে দারুণ সূচনা এনে দেন প্রথম ইনিংসে শতক করা ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার।
৪৯ রান করা রজার্সকে জোনাথন ট্রটের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন গ্রায়েম সোয়ান।
এরপর ওয়ার্নার ও উসমান খাজার ৩৮ রানের জুটির পর আবার সোয়ানের আঘাত, ২১ রান করে খাজা এলবিডব্লিউ।
ওয়ার্নার অবশ্য আস্থার সঙ্গেই খেলে যাচ্ছিলেন। কিন্তু তিনি ৭১ রান করে টিম ব্রেসনানের বলে কট বিহাইন্ড হওয়ার পর স্টুয়ার্ট ব্রডের তোপে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়ে যায়।
তাই মাত্র ৫৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে আরেকটি অ্যাশেজ হারের লজ্জায় পড়ে যায় অস্ট্রেলিয়া।
৫০ রানে ৬ উইকেট নেন ব্রড। টেস্টে এটা তার নবম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। প্রথম ইনিংসেও ৫ উইকেট নেয়া ব্রডই ম্যাচ সেরা।
এর আগে ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩০ রান করে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ১০৫ রানে অপরাজিত ইয়ান বেল সোমবার ৮ রানের বেশি করতে পারেননি।
তবে ব্রেসনানের ৪৫ ও সোয়ানের অপরাজিত ৩০ রানের দুটো লড়াকু ইনিংস তিন শ’র কাছাকাছি লিড এনে দেয় স্বাগতিকদের।
১১৭ রানে ৭ উইকেট নিয়ে হ্যারিস অস্ট্রেলিয়ার সেরা বোলার। টেস্টে এটাই তার সেরা বোলিং ফিগার এবং চতুর্থ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৩৮ (কুক ৫১, ট্রট ৪৯; লিয়ন ৪/৪২) ও ৩৩০ (কুক ২২, রুট ২, ট্রট ২৩, পিটারসেন ৪৪, বেল ১১৩, বেয়ারস্টো ২৮, ব্রেসনান ৪৫, প্রায়র ০, ব্রড ১৩, সোয়ান ৩০*, অ্যান্ডারসন ০; হ্যারিস ৭/১১৭, লিয়ন ৩/৫৫)
অস্ট্রেলিয়া: ২৭০ (রজার্স ১১০, ওয়াটসন ৬৮, ব্রড ৫/৭১) ও ২২৪ (রজার্স ৪৯, ওয়ার্নার ৭১, খাজা ২১, ক্লার্ক ২১, স্মিথ ২, ওয়াটসন ২, হ্যাডিন ৪, সিডল ২৩, হ্যারিস ১১, লিয়ন ৮, বার্ড ১*; ব্রড ৬/৫০, ব্রেসনান ২/৩৬, সোয়ান ২/৫৩)
ম্যাচ সেরা: স্টুয়ার্ট ব্রড।
