২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখর ধাওয়ানের ২৪৮ রান

ওয়ানডেতে ২৪৮ রান করেছেন ভারতের শিখর ধাওয়ান। তবে জাতীয় দল নয়, ‘এ’ দলের হয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:06 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় সিরিজে (তৃতীয় দল অস্ট্রেলিয়া ‘এ’) সোমবার স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে ধাওয়ানের ১৫০ বলের দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল ৩০টি চার ও ৭টি ছক্কায়।

প্রিটোরিয়ার এলসি ডি ভিলিয়ার্স ওভালে দ্বিতীয় উইকেটে ধাওয়ান ও অধিনায়ক চেতেশ্বর পুজারার মধ্যে মাত্র ৩৩ ওভার ২ বলে গড়ে ওঠা ২৮৫ রানের জুটির সুবাদে ৩ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত ‘এ’ দল।

১০৯ রানে অপরাজিত পুজারার ৯৭ বলের ইনিংসে ৮টি চার, তবে কোনো ছক্কা নেই।

৪৫তম ওভারে আউট হওয়া ধাওয়ানকে অবশ্য ২১ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে। সব ওয়ানডে মিলিয়ে রেকর্ড ২৬৮ রানের ইনিংসের মালিক অ্যালিস্টার ব্রাউন। ২০০৩ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ধাওয়ানের দিল্লি রাজ্য-সতীর্থ বীরেন্দর শেবাগের, ২১৯ রান। দ্বিতীয়-সর্বোচ্চ ২০০ রান আরেক ভারতীয় ব্যাটিং-তারকা শচীন টেন্ডুলকারের।