২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম রানে ফিরলেও দল জেতেনি

তামিম ইকবালের অর্ধশতকও জেতাতে পারেনি সেন্ট লুসিয়া জুকসকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার দল সেন্ট লুসিয়া ৬ উইকেটে হেরেছে জ্যামাইকা তাল্লাওয়াশের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 10:03 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

৫ খেলায় এটি সেন্ট লুসিয়ার চতুর্থ হার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জ্যামাইকা, সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার ভোরে) ঘরের মাঠ গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে সেন্ট লুসিয়া।

১৮তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৫ রানের ইনিংস খেলেন তামিম। টুর্নামেন্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ৬২ বলের এ ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার।

তামিম ছাড়া স্বাগতিক দলের মাত্র দুজন ব্যাটসম্যান- ড্যারেন স্যামি (২৬) ও হার্শেল গিবস (২২) পৌঁছান দুই অঙ্কের ঘরে।

জ্যামাইকার পক্ষে ভারনন ফিল্যান্ডার ৩১ রানে নেন ২ উইকেট।

জবাবে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।

জ্যামাইকার জয়ে বড় অবদান ম্যাচ সেরা আন্দ্রে রাসেলের। মাত্র ১৯ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন ফিল্যান্ডার।