২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের সঙ্গে একমত আমির

রাহুল দ্রাবিড়ের মতে, ম্যাচ পাতানোকে ফৌজদারী অপরাধ হিসেবে বিবেচনা করা উচিৎ। ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যানের সঙ্গে এ বিষয়ে সম্পূর্ণ একমত স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড় বলেন, ক্রিকেট থেকে দুর্নীতির বিষবাষ্প দূর করতে খেলোয়াড়দের শুধু এর খারাপ দিক সম্পর্কে অবহিত করলেই চলবে না। অপরাধীদের শাস্তির আওতায় আনাও জরুরি।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া ও ইংল্যান্ডে কয়েক মাস কিশোর সংশোধন কেন্দ্রে থাকা (অল্প বয়সের কারণে কারাগারে যেতে হয়নি) আমির এ ব্যাপারে দ্রাবিড়ের সঙ্গে একমত পোষণ করে বলেন, “ম্যাচ পাতানোকে অবশ্যই ফৌজদারী অপরাধ হিসেবে ধরা উচিৎ। এবং এর শাস্তি হওয়া উচিৎ কারাদণ্ড।”

আমির মনে করেন, তার মতো তরুণ ক্রিকেটারদের দুর্নীতি থেকে দূরে রাখতে আইসিসির কঠোর আইন করা খুবই জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জীবনে বিশাল ভুল করেছি। ক্রিকেটাররা যেন ভুল পথে পরিচালিত না হয় সেজন্য প্রয়োজনে প্রত্যেক সফর ও টুর্নামেন্টের সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের ফোনে কথাবার্তা অনুসরণ করা দরকার।”