প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলারদের
বোলারদের দাপটে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে সিরিজ হার এড়াতে মরিয়া অস্ট্রেলিয়ার বোলাররা। শুক্রবারের প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৩৮ রান।
ডারহামের চেস্টার-লি-স্ট্রিটের রিভার সাইড মাঠে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেন অ্যালিস্টার কুক ও জো রুট। তবে পানি পানের বিরতির পরেই রুটকে (১৬) ব্র্যাড হ্যাডিনের তালুবন্দী করে অতিথিদের প্রথম সাফল্য এনে দেন শেন ওয়াটসন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএস প্রযুক্তির সহায়তায় এ সিদ্ধান্ত বদলাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। আলোচিত হট স্পটে ধরা পড়ে ব্যাটের কানা ছুঁয়েছে বল।
দ্বিতীয় উইকেটে কুক-জোনাথন ট্রটের ৭৩ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক শিবিরে। মধ্যাহ্ন-বিরতির পর ট্রটকে (৪৯) শর্ট লেগে উসমান খাজার ক্যাচে পরিণত করে উইকেট ‘শিকার’ শুরু করেন নাথান লিয়ন।
তৃতীয় উইকেটে কেভিন পিটারসেনের সঙ্গে কুকের ৪২ রানের আরেকটি জুটি দলকে ২ উইকেটে ১৪৯ রানের ভালো অবস্থানে নিয়ে যায়। তবে ৬ রানের মধ্যে কেভিন পিটারসেন (২৬), কুক (৫১) ও ইয়ান বেলের (৬) বিদায়ে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি।
পিটারসেনকে হ্যাডিন ও বেলকে রায়ান হ্যারিসের ক্যাচে পরিণত করেন অফস্পিনার লিয়ন। আর অর্ধশতকে পৌঁছানো ইংল্যান্ডের অধিনায়ককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা জ্যাকসন বার্ড।
ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন ম্যাট প্রায়র (১৭) ও জনি বেয়ারস্টো (১৪)। তাদের ৩৪ রানের প্রতিরোধ ভাঙ্গার কৃতিত্ব পিটার সিডলের। বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট নেন লিয়ন।
এরপর হ্যারিস স্টুয়ার্ট ব্রডকে ডেভড ওয়ার্নারের ক্যাচে পরিণত করলে দুশ’ রানের আগেই আষ্টম উইকেট হারায় স্বাগতিকরা। ৮৭ তম ওভারে গ্রায়েম সোয়ানকে ফিরিয়ে দিয়ে প্রথম দিনই স্বাগতিকদের ইনিংস শেষ করার আশা জাগান হ্যারিস।
কিন্তু দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন টিম ব্রেসনান (১২*) ও জেমস অ্যান্ডারসন (১৬*)।
৪২ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার লিয়ন।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৩৮/৯ (কুক ৫১, রুট ১৬, ট্রট ৪৯, পিটারসেন ২৬, বেল ৬, বেয়ারস্টো ১৪, প্রায়র ১৭, ব্রেসনান ১২*, ব্রড ৩, সোয়ান ১৩, অ্যান্ডারসন ১৬* ; লিয়ন ৪/৪২, হ্যারিস ২/৭০, ওয়াটসন ১/২১, সিডল ১/৪১, বার্ড ১/৫৮)
