২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়র্কশায়ারের কাছেও হারল ‘এ’ দল

ইংল্যান্ড সফরে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। কাউন্টি ক্রিকেট দল ইয়র্কশায়ারের কাছে শুক্রবার ৭ রানে হেরেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 11:07 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে ১৯৮ রানে অলআউট হয়ে যায় ইয়র্কশায়ার। জবাবে ৪৪ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ১৯১ রান করতে পারে ‘এ’ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারানো ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে মমিনুল হকের (৩১) সঙ্গে এনামুল হকের ৭৪ রানের জুটি স্বস্তি ফেরায় অতিথি শিবিরে।

২ উইকেটে ১১৬ রানের ভালো অবস্থানে পৌঁছানোর পর ৩ রানের ব্যবধানে মমিনুল, মার্শাল আইয়ুব (১) ও এনামুলের বিদায়ে চাপে পড়ে ‘এ’ দল। ৬৯ রান করা এনামুলের ৯২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

৬ উইকেটে ১১৯ থেকে ১৪৭ রানে পৌঁছানোর পর আবার অতিথিদের ইনিংসে ধস নামে। ১৬ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন ফরহাদ রেজা (২২), সোহাগ গাজী (৪) ও ইলিয়্সাস সানি (২)।

Image
এনামুল হকের অর্ধশতক ও ৫টি ডিসমিসালও জেতাতে পারেনি বাংলাদেশকে।

এনামুল হকের অর্ধশতক ও ৫টি ডিসমিসালও জেতাতে পারেনি বাংলাদেশকে।

নবম উইকেটে রবিউল ইসলামের সঙ্গে রকিবুল হাসানের ২৮ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিল। ২১ বলে ২টি বিশাল ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৯ রান করে রবিউল দলীয় ১৯১ রানে বিদায় নিলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। পরের ওভারের প্রথম বলেই রকিবুল লিয়াম প্লানকেটের শিকারে পরিণত হয়ে সেখানেই অতিথিদের ইনিংসের সমাপ্তি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে আজিম রফিক ‘এ’ দলের মূল হন্তারক। এর আগে তৃতীয় উইকেটে আলেক্স লিসের (৩৯) সঙ্গে অ্যাডাম লিথের (৪৫) ৮৮ রানের জুটি ইয়র্কশায়ারকে ২ উইকেটে ৯৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়। তবে এ সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ৪৯ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ইয়র্কশায়ারের স্কোর পরিণত হয় ১৪৮/৮। সেখান থেকে দলকে দুশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব নয় নম্বর ব্যাটসম্যান প্লানকেটের। অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলার পথে দশম উইকেটে ইয়ান ওয়ার্ডলর (১৮) সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। । ২৫ রানে ৩ উইকেট নিয়ে ইলিয়াস সানি বাংলাদেশের সেরা বোলার। তিনটি ক্যাচ তালুবন্দী করার পাশাপাশি দুটি স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক এনামুল। রোববার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর: ইয়র্কশায়ার: ৪৭.৪ ওভারে ১৯৮ (গল ৪, হজসন ৫, লিস ৩৯, লিথ ৪৫, লিনিং ১৮, গিবসন ০, আজিম ৫, পাইরাহ ৭, প্লানকেট ৪৭*, ওয়ার্ডল ১৮, আশরাফ ০; সানি ৩/২৫, মমিনুল ২/২২, রবিউল ২/৩৫, রেজা ১/৩২, আল-আমিন ১/৩৩) বাংলাদেশ: ৪৪.১ ওভারে ১৯১ (এনামুল ৬৯, শামসুর ৪, জহুরুল ১১, মমিনুল ৩১, মার্শাল ১, রকিবুল ২৪, রেজা ২২, সোহাগ ৪, সানি ২, রবিউল ১৯, আল আমিন ০*; আজিম ৫/৩০, ওয়ার্ডল ২/২৭, গিবসন ১/১৭, প্লানকেট ১/২৮)