২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আসছে আইসিসি পরিদর্শক দল

আগামী ১৭ অগাস্ট তৃতীয় ও শেষ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনের জন্য বাংলাদেশ সফরে আসছে আইসিসি পরিদর্শক দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 11:11 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই তথ্য জানিয়ে বলেন, “কক্সবাজার ও সিলেট এবং বিকল্প ভেন্যু ফতুল্লা ও বিকেএসপির দিকে তাদের আসল মনযোগ থাকবে।”

কয়েক দিনের মধ্যে আকসুর রিপোর্ট হাতে পাওয়ার আশা প্রকাশ করে তিনি আরো বলেন, “ঈদের পরপরই ১২, ১৩ বা ১৪ অগাস্ট বিপিএলের ম্যাচ পাতানো সংক্রান্ত তদন্তের প্রতিবেদন জমা দিতে পারে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)।”

বিসিবি নির্বাচনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয়ার কথা জানিয়ে নাজমুল হাসান আবারো বলেছেন, ঈদের পর কাউন্সিলর চেয়ে জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোকে চিঠি দেয়া হবে।

‘ফোরাম’ এর সঙ্গে বিসিবির নির্বাচনের কোনো সম্পর্ক না থাকার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “আজ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, সহ-সভাপতি ও কাউন্সিলরদের সঙ্গে নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি। সংবাদ মাধ্যমের খবরে মনে হতে পারে, জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়। এটা যে ভুল তা পরিষ্কার করার চেষ্টা করেছি।”

“এই সভার পর আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমরা সবাই একমত, দুই-একজন ছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে বোর্ডের কোনো সমস্যা নেই। নির্বাচনে ক্রীড়া সংস্থার ভূমিকা রয়েছে। কিন্তু এর সঙ্গে ফোরাম কোনোভাবেই যুক্ত নয়।”

নাজমুল হাসান আরো বলেন, “ফোরাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি সংগঠন। কিন্তু তার মানে এই নয় ফোরামের বাইরের কেউ কাউন্সিলর হতে পারবেন না। যে কোনো ফেডারেশনে নির্বাচন এলেই ফোরাম নিজেদের স্বার্থ রক্ষায় সরব হয়ে ওঠে।”