২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএসের উন্নতি দেখতে চান ফ্লাওয়ার

অ্যাশেজ ঘরেই থাকছে। ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ঠোটের কোণে তাই 'বিরল' হাসি ফুটেছে। তবে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস -এর ব্যবহার নিয়ে বিরক্ত জিম্বাবুয়ের এই সাবেক তারকা। অতিসত্ত্বর এই সমস্যা সমাধানে আইসিসিকে অনুরোধ জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ড্র হওয়ার পর ডিআরএস প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, “আমার মতে এখানে কিছু উন্নতিও সাধন করা যেতে পারে। এই প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের তা ব্যবহারের পদ্ধতি - এই দুই ক্ষেত্রে উন্নতি করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।”

“প্রথমত আম্পায়ারিং খুব কঠিন কাজ। তবে সেক্ষেত্রে পরিষ্কার কিছু নিয়ম রয়েছে। আর সেসব নিয়ম মেনে আগামী দুই টেস্টে শান্ত মনে আম্পায়ারদের সিদ্ধান্ত নেয়াটা অতীব প্রয়োজন”, যোগ করেন ইংল্যান্ড কোচ।

পাঁচ টেস্টের এই সিরিজের শুরু থেকেই বারবার সমালোচিত হয়েছে ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত আরো নির্ভুল করার এই প্রযুক্তি। আম্পায়াররাও এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেননি। তৃতীয় টেস্টেও ওল্ড ট্র্যাফোর্ডে উসমান খাজা আর কেভিন পিটারসেনের আউটের সিদ্ধান্তে ডিআরএস ব্যবহার নিয়েও সমালোচনা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উসমান খাজার ব্যাটে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার কুমারা ধর্মসেনা মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। আর ইংল্যান্ডের প্রথম ইনিংসে কটবিহাইন্ড হওয়া পিটারসেনের ব্যাটে বল লেগেছে বলে মনে হলেও হটস্পট তা দেখাতে ব্যর্থ হয়।