২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির ‘সাহায্যে’ অ্যাশেজ ইংল্যান্ডের

শেষ দিনে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত ছিল। কিন্তু বৃষ্টিতে সব রোমাঞ্চ-নাটকীয়তা ধুয়ে-মুছে শেষ! ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। কারণ পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে আছে ২-০ ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 10:20 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার পঞ্চম ও শেষ দিনের সকালে অস্ট্রেলিয়া আর ব্যাট করেনি, ৭ উইকেটে ১৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিয়েছে। তাই ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রান।

সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিক দলের। তৃতীয় ওভারেই অধিনায়ক অ্যালিস্টার কুককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রায়ান হ্যারিস। ইংল্যান্ডের রানের ঘরে তখন শূন্য।

দলীয় ১৫ রানে আবার হ্যারিসের আঘাত। এবার জোনাথন ট্রট কট বিহাইন্ড।

১২ রান যোগ হওয়ার পর প্রথম ইনিংসে দারুণ এক শতক করা কেভিন পিটারসেনকে কট বিহাইন্ড করেন পিটার সিডল। এই আউট অবশ্য অ্যাশেজের একের পর এক বিতর্কিত ঘটনার সর্বশেষ সংযোজন।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়ার পর ‘রিভিউ’ চেয়েছিলেন পিটারসেন। হট স্পট দেখে কিছু বুঝতে না পারা তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রেখে দেন। তাই ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় ইংল্যান্ড।

৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া ইংল্যান্ড হার এড়ানো নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল। কিন্তু এরপরই তাদের দিকে ‘সাহায্যের’ হাত বাড়িয়ে দেয় বৃষ্টি!

বৃষ্টির কারণে মধ্যাহ্ন-বিরতি শেষ হওয়ারও ২০ মিনিট পর ব্যাট করতে নামেন জো রুট ও ইয়ান বেল। তবে তিন বল হওয়ার পর আবার বৃষ্টি।

এরপর থেমে-থেমেই বৃষ্টি হয়েছে। শেষ পর‌্যন্ত স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটার দিকে খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার টনি হিল ও মারাইস এরাসমাস।

৯ অগাস্ট থেকে চেস্টার-লে-স্ট্রিটে চতুর্থ টেস্ট শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫২৭/৭ ডিক্লে. (ক্লার্ক ১৮৭, স্মিথ ৮৯, রজার্স ৮৪; সোয়ান ৫/১৫৯) ও ১৭২/৭ ডিক্লে. (ওয়ার্নার ৪১, ক্লার্ক ৩০*, খাজা ২৪; ব্রেসনান ২/২৫, অ্যান্ডারসন ২/৩৭)

ইংল্যান্ড: ৩৬৮ (পিটারসেন ১১৩, কুক ৬২, বেল ৬০; সিডল ৪/৬৩, স্টার্ক ৩/৭৬) ও ৩৭/৩ (কুক ০, রুট ১৩*, ট্রট ১১, পিটারসেন ৮, বেল ৪*; হ্যারিস ২/১৩, সিডল ১/৮)

ম্যাচ সেরা: মাইকেল ক্লার্ক।