২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার

ওয়ানডে সিরিজে লড়াই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, হেরে গেছে ৪-১ ব্যবধানে। তবে সেই ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে অতিথিরা এগিয়ে আছে ২-০ ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 11:38 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

৪৮ রানে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকাকে দেড় শ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ম্যাচ সেরা ডেভিড মিলার (২১ বলে ৩৬) ও জেপি ডুমিনির (২৩ বলে ৩০)।

জবাবে অতিথিদের মতো স্বাগতিকদেরও ৪৮ রানে প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যান। কাকতালীয়ভাবে ৮ ওভার ২ বলে দুই দলেরই স্কোর ছিল ৪৮/৩!

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলকে লড়াইয়ে রেখেছিলেন ৩৫ বলে ৩৯ রান করা কুমার সাঙ্গাকারা। তার দৃঢ়তায় ৩ উইকেটে ৮৫ রানে দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কানরা।

কিন্তু মাত্র ৫ রানের ব্যবধানে লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সাঙ্গাকারা বিদায় নিলে জয়ের আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

মঙ্গলবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।

প্রথম দুই ম্যাচ হেরে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কঠিন হয়ে পড়লো শ্রীলঙ্কার জন্য। শীর্ষস্থান ধরে রাখার জন্য শেষ ম্যাচে জিততেই হবে তাদের। নইলে পাকিস্তান শীর্ষে উঠে যাবে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৫/৬ (ডেভিডস ৭, ডি কক ১৯, দু প্লেসি ১২, ডুমিনি ৩০, ডি ভিলিয়ার্স ১৫, মিলার ৩৬, ওয়াইস ৭*, পার্নেল ১০*; সেনানায়েকে ২/১৮, কুলাসেকারা ২/২২, মালিঙ্গা ১/৩২)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৩/৭ (কুশল পেরেরা ২১, জয়াবর্ধনে ৬, চান্দিমাল ২, সাঙ্গাকারা ৩৯, থিরিমান্নে ১৮, ম্যাথিউস ১, থিসারা পেরেরা ২২*, কুলাসেকারা ১০, সেনানায়েকে ১*; সোতসোবে ২/১৭, মরকেল ২/৩৪, তাহির ১/২১, ওয়াইস ১/২৫, পার্নেল ১/২৫)

ম্যাচ সেরা: ডেভিড মিলার।