প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্য ‘এ’ দলের
ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট দল হ্যাম্পশায়ারের বিপক্ষে মঙ্গলবারের ওয়ানডে দিয়ে বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে।
সফরে বাংলাদেশের লক্ষ্য, চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ‘এ’ দলের প্রধান কোচ কোরি রিচার্ডস।
“আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং যে কাউকে হারাতে পারি- এই সংস্কৃতি বাংলাদেশ দলে আনতে চাই।”
“এটি একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। গত কয়েক বছর ধরে ইংলিশ ক্রিকেটের মান খুব ভালো। তিন ম্যাচের সিরিজের জন্য শক্তিশালী ইংল্যান্ড লায়ন্স দল আশা করছি। ওদের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট আশা করছি, তবে কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না আমরা।”
‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব উপভোগ করছেন মূল দলের ব্যাটিং কোচ রিচার্ডস।
তিনি বলেন, “পুরো একটি দলের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। জাতীয় দলে শেন (জার্গেনসেন) ও আমি নিবিড়ভাবে কাজ করি। এই সফরে তিনি আসেননি, আমাকে দায়িত্ব নেয়ার সুযোগ দিয়েছেন।”
৯ অগাস্ট ইয়র্কশায়ারের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এরপর ১১ অগাস্ট ল্যাঙ্কাশায়ার, ১৪ অগাস্ট নটিংহ্যামশায়ার ও ১৬ অগাস্টের প্রতিপক্ষ ওরস্টারশায়ার।
সবশেষে ২০, ২২ ও ২৪ অগাস্ট ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জহুরুল ও তার সতীর্থরা।
খেলোয়াড়দের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে এই সফর এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
“ইংল্যান্ড সফর একটি দারুণ অভিজ্ঞতা। আট ম্যাচেই আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাই। বাংলাদেশের চেয়ে এই কন্ডিশন একটু ভিন্ন। আমরা ধারাবাহিক ক্রিকেট খেলতে চাই। যত বেশি সম্ভব বিদেশি কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিতে চাই। মূল দলের হয়ে সফর করার সময় এই অভিজ্ঞতা যেন ওরা কাজে লাগাতে পারে।”
ক্রিকেটারদের শেখার মানসিকতা দেখে ভীষণ খুশি রিচার্ডস। তিনি বলেন, “কয়েকজন ক্রিকেটারের ওয়ার্ক এথিকস অসাধারণ এবং অধিনায়ক মুশফিকুর রহিম তার একটি উদাহরণ। আরো উন্নতি চায় এমন ক্রিকেটার যতদিন থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেট এগিয়েই যাবে।”
“আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। দলে বহুমুখী প্রতিভার ক্রিকেটার রয়েছে। অভিজ্ঞ এবং তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারের সমন্বয় রয়েছে (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) তিন বিভাগেই। এটা একটি রোমাঞ্চকর সফর হতে যাচ্ছে”, যোগ করেন তিনি।
গত মৌসুমে অফস্পিনার সোহাগ গাজী বোলিংয়ে পরিবর্তন আনলেও ইংল্যান্ডে তার সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী রিচার্ডস।
“তিনি একজন প্রতিভাবান অলরাউন্ডার। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে তিনি সপ্রতিভ। ইংল্যান্ডে তার ভালো বল করার ব্যাপারে আমি আশাবাদী, বিশেষ করে উইকেট যদি একটু শুকনো থাকে।”
