২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের শতকে ইংল্যান্ডের লড়াই

কেভিন পিটারসেনের দারুণ এক শতকের পরও ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের সামনে ফলো-অনের শঙ্কা। অস্ট্রেলিয়ার ৫২৭ রানের জবাবে ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকদের ফলো-অন এড়াতে আরো ৩৪ রান প্রয়োজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

শনিবার ২ উইকেটে ৫২ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা তেমন ভালো হয়নি। দিনের নবম ওভারে জোনাথন ট্রটকে অধিনায়ক মাইকেল ক্লার্কের তালুবন্দী করেন পেসার রায়ান হ্যারিস। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে অধিনায়ক অ্যালিস্টার কুক ৬২ রান করে মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হয়ে গেলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১০/৪।

তবে মধ্যাহ্ন-বিরতির পর পিটারসেন ও দারুণ ছন্দে থাকা ইয়ান বেলের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল। পঞ্চম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন দুজনে।

দ্বিতীয় সেশনের পানি-পানের বিরতির ঠিক পরেই বেলকে (৬০) বোল্ড করে ২১৮ বল স্থায়ী জুটিটা ভাঙ্গার কৃতিত্ব হ্যারিসের।

এরপর জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ৫২ রানের আরেকটি ভালো জুটি গড়েন পিটারসেন। কিন্তু শেষ বিকেলে মিচেল স্টার্ক দুজনকেই ফিরিয়ে দিলে আবার চাপের মধ্যে পড়ে যায় পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে টানা তৃতীয় অ্যাশেজ জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড।

মাত্র তিন রানের ব্যবধানে বেয়ারস্টোকে (২২) শেন ওয়াটসনের ক্যাচে পরিণত করার পর পিটারসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি পেসার স্টার্ক।

২৩তম শতকের দেখা পাওয়া পিটারসেনের ২০৬ বল দীর্ঘ ১১৩ রানের ইনিংসে ১২টি চার ও দুটি বিশাল ছক্কা। দুটি ছক্কাই অফস্পিনার নাথান লিয়নের পর-পর দুই বলে।

৭৫ রানে ৩ উইকেট নেন স্টার্ক।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫২৭/৭ ডিক্লে. (ক্লার্ক ১৮৭, স্মিথ ৮৯, রজার্স ৮৪; সোয়ান ৫/১৫৯)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯৪/৭ (কুক ৬২, রুট ৮, ব্রেসনান ১, ট্রট ৫, পিটারসেন ১১৩, বেল ৬০, বেয়ারস্টো ২২, প্রায়র ৬*, ব্রড ৯*; স্টার্ক ৩/৭৫, হ্যারিস ২/৫০, সিডল ২/৫৩)