সাকিবের দলের মালিকানা কিনলেন ওয়ালবার্গ
ক্রিকেটের দুনিয়ায় পা রাখলেন হলিউড অভিনেতা মার্ক ওয়ালবার্গ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টের মালিকানা কিনেছেন তিনি।
নিউইয়র্ক পোস্ট জানায়, ওয়ালবার্গ মনে করেন খেলাধূলা ও বিনোদনের বন্ধন বেশ শক্তিশালী। আর বিশ্বজুড়ে সিপিএল এর অনেক দর্শক আছে বলেও তার বিশ্বাস।
ক্রিকেটের প্রতি নিজের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “একজন ব্যাটসম্যান আউট হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যান। আমি ক্রিকেটের বড় ভক্ত।”
১৯৯৩ সালে ‘দ্য সাবস্টিটিউট’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখা মার্কিন এই অভিনেতা অনেকগুলো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ফিয়ার, থ্রি কিংস, দ্য পারফেক্ট স্টর্ম, ইনভিন্সিবল, শুটার, প্লানেট অব দ্য এপস, ইটালিয়ান জবস, দ্য লাভলি বোনস, দ্য ফাইটার, ডেট নাইট উল্লেখযোগ্য।
এখন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করছেন ওয়ালবার্গ।
ছয় দলের অংশগ্রহণে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্ট লিগে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বার্বাডোজ।
