ডুমিনির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার জয়
অনেক চেষ্টা করেছিলেন কুমার সাঙ্গাকারা কিন্তু পারেন নি। জেপি ডুমিনির অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে কম রানের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ৬ উইকেটে ১১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রেমাদাসায় সাত টি-টোয়েন্টিতে এটি স্বাগতিকদের ষষ্ঠ হার।
লক্ষ্য তাড়া করতে নেমে সাঙ্গাকারা ছাড়া কেবল কুশল পেরেরা (১১) পৌঁছান দুই অঙ্কের ঘরে। তারপরও দলকে ৫ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন সাঙ্গাকারা।
জয়ের জন্য শেষ ১৯ বলে ২৬ রানের প্রয়োজনীয়তা ছিল স্বাগতিকদের, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু দ্রুত ৪ উইকেট হারানোয় ১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৫৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে পারেন নি সাঙ্গাকারা।
আরেক অপরাজিত ব্যাটসম্যান অজন্তা মেন্ডিসসহ স্বাগতিক দলের পাঁচ ব্যাটসম্যানের রান শূন্য।
১৮ রানে ৩ উইকেট নিয়ে অতিথিদের সফলতম বোলার ডুমিনি। তবে ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেয়া ওয়েইন পার্নেলের অবদানও কম নয়।
এর আগে ২৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা ডুমিনির।
শেষ ওভারের পঞ্চম বলে বিদায় নেয়ার আগে ৫১ রান করেন ডুমিনি। এ রান করার পথে ষষ্ঠ উইকেটে ডেভিড মিলারের (২৫) সঙ্গে ৫৬ রানের ভালো একটি জুটি দলকে উপহার দেন তিনি। তার ৫২ বলের ইনিংসে ৩টি চারও একটি ছক্কা।
১৪ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সচিত্রা সেনানায়েকে।
রোববার হাম্বানটোটায় দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১১৫/৬ (ডেভিডস ১, ডি কক ৫, দু প্লেসি ৮, ডুমিনি ৫১, ডি ভিলিয়ার্স ১৫, মিলার ২৫, ওয়াইস ৩*, পার্নেল ০*; সেনানায়েকে ৩/১৪, ম্যাখিউস ১/১৩, মালিঙ্গা ১/২৫, অজন্তা মেন্ডিস ১/৩২)
শ্রীলঙ্কা: ১০৩/৯ (কুশল পেরেরা ১১, দিলশান ৯, চান্দিমাল ৮, সাঙ্গাকারা ৫৯*, ম্যাথিউস ৪, জীবন মেন্ডিস ০, থিরিমান্নে ৫, থিসেরা পেরেরা ০, সেনানায়েকে ০, মালিঙ্গা ০, অজন্তা মেন্ডিস ০*; ডুমিনি ৩/১৮, পার্নেল ২/৮, মরকেল ২/২৮, সোতসোবে ১/১১, তাহির ১/২২)
ম্যাচ সেরা: জেপি ডুমিনি।
