আবার আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) এই সিরিজের সূচী ঘোষণা করেছে।
এটা পাকিস্তানের ‘হোম সিরিজ’ হিসেবে বিবেচিত হবে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আর কোনো টেস্ট দল পাকিস্তান সফর করেনি। তারপর থেকে আরব আমিরাতকে ‘ঘরের মাঠ’ হিসেবে বেছে নিয়েছে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
১১ ও ১৩ ডিসেম্বর দুবাইয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে আরেকটি পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২০, ২২, ২৫ ও ২৭ ডিসেম্বর। প্রথম টেস্ট ৩১ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট ৮ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি থেকে।
শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
