২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে অস্ট্রেলিয়ার সাফল্যের এক দিন

অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে ভীষণ চাপের মধ্যে থাকা অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে। ওল্ড ট্র্যাফোর্ডে অধিনায়ক মাইকেল ক্লার্কের অপরাজিত শতক এবং ক্রিস রজার্স ও স্টিভেন স্মিথের অর্ধশতকের সুবাদে দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩০৩ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 12:47 AM

Updated : 23 Aug 2022, 06:39 PM

প্রথম দুই টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্লার্ক। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে, শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে দলকে ৭৬ রানের উদ্বোধনী জুটি উপহার দেন রজার্স।

তবে মাত্র ৬ রানের ব্যবধানে ওয়াটসন (১৯) ও বিতর্কিত সিদ্ধান্তে উসমান খাজার (১) বিদায় অতিথিদের চাপের মধ্যে ফেলে দেয়।

এবারের অ্যাশেজে আম্পায়ারদের সিদ্ধান্ত পর‌্যালোচনা পদ্ধতি বা ডিআরএস নিয়ে বিতর্ক চলছেই। মধ্যাহ্ন-বিরতির ঠিক আগে খাজার আউট ডিআরএস-বিভ্রাটের সর্বশেষ উদাহরণ।

গ্রায়েম সোয়ানের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি খাজা। তাই আম্পায়ার টনি হিলের কাছে ‘রিভিউ’ দাবি করেন তিনি। তবে হট স্পটে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা ব্যাটে বল স্পর্শের জোরালো প্রমাণ না পেলেও খাজাকে ফিরে আসতে হয়।

দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির ঠিক আগে ৮৪ রান করা রজার্সকে সোয়ান এলবিডব্লিউর ফাঁদে ফেললে উজ্জীবিত হয়ে ওঠে ইংল্যান্ড। তবে ক্লার্ক ও স্মিথের দৃঢ়তায় প্রথম দিনে আর কোনো সাফল্য পায়নি স্বাগতিক দল। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান ১৭৪ রান।

টানা তৃতীয় অ্যাশেজ এবং টানা সপ্তম টেস্ট হার এড়াতে মরিয়া অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্লার্ক। প্রথম দুই টেস্টে সব মিলিয়ে মাত্র ১০২ রান করার ব্যর্থতাকে পেছনে ফেলে তিনি ১২৫ রানে অপরাজিত। ২০৮ বলের অধিনায়কোচিত ইনিংসটিতে ১৭টি চার।

এটা ক্লার্কের ২৪তম শতক। অস্ট্রেলিয়ার বর্তমান দলে আর কারোরই তিনটির বেশি টেস্ট শতক নেই।

৫৩ ওভার ধরে ক্লার্ককে যোগ্য সঙ্গ দিয়ে যাওয়া স্মিথ অপরাজিত ৭০ রানে। অবশ্য সৌভাগ্যের পরশও পেয়েছেন তিনি।

অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ডের একটি ‘রিভিউ’ থেকে বেঁচে যান স্মিথ। এরপর সোয়ানের বলে এলবিডব্লিউ হওয়া থেকেও রক্ষা পান। ইংল্যান্ডের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার হিল। যদিও রিপ্লেতে দেখা গেছে বল লেগ স্টাম্পে আঘাত হানতো। ‘কোটা’ শেষ হয়ে যাওয়ায় স্বাগতিকরা ‘রিভিউ’ও নিতে পারেনি।

গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় একটি পানশালায় ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটকে আঘাত করার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ডেভিড ওয়ার্নারকে এই টেস্টে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে ব্যর্থ ফিল হিউজের জায়গায় খেলছেন তিনি, ব্যাট করবেন ছয় নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩০৩/৩ (ওয়াটসন ১৯, রজার্স ৮৪, খাজা ১, ক্লার্ক ১২৫*, স্মিথ ৭০*; সোয়ান ২/৮২, ব্রেসনান ১/৫১)