২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির মাদাম তুসো জাদুঘরে ম্যাকগ্রা

সিডনির মাদাম তুসো জাদুঘরে এবার ‘অমরত্ব’ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। বৃহস্পতিবার এই জাদুঘরে তার মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

এই বিখ্যাত জাদুঘরে ম্যাকগ্রার মূর্তি রাখার আগে এক জরিপে অস্ট্রেলিয়ার মানুষের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। ‘কোন্ ক্রীড়া তারকাকে দেখতে চান?’ – জরিপে এই প্রশ্ন রাখা হয়েছিল অস্ট্রেলীয়দের সামনে। তাতে সবচেয়ে বেশি ভোট পড়ে ম্যাকগ্রার নামে।

ম্যাকগ্রার বোলিং অ্যাকশনের ভঙ্গিমার মূর্তি তৈরি করতে জাদুঘরের ৬০ জন শিল্পীকে ৮০০ ঘন্টা কাজ করতে হয়েছে। ২০০৬-০৭ মৌসুমের অ্যাশেজের সময় তোলা একটি ছবি দেখে মুর্তিটি তৈরি করা হয়।

২১ উইকেট নেয়া ম্যাকগ্রার নৈপুণ্যে ঐ অ্যাশেজে ৫-০ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ম্যাকগ্রা।

জাদুঘরের ক্রীড়া অঞ্চলে শেন ওয়ার্ন, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও শচীন টেন্ডুলকারের পাশে ম্যাকগ্রার মূর্তি রাখা হবে।

এই তিন তারকার সঙ্গে জায়গা পেয়ে দারুণ খুশি তিনটি ওয়ানডে বিশ্বকাপ জেতা ম্যাকগ্রা। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মানুষের ভোটে নির্বাচিত হয়ে মোমের মাধ্যমে অমরত্ব পাওয়া এবং কয়েক জন ক্রীড়া-কিংবদন্তির সঙ্গে থাকতে পারা (আমার জন্য) দারুণ সম্মানজনক ঘটনা।”

টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৩ এবং ওয়ানডেতে ৩৮১ উইকেটের মালিক আরো বলেন, “মোম দিয়ে আকৃতি তৈরি করার পুরো ধাপটা দেখলে অবাক না হয়ে পারা যায় না। আমার বল করার ভঙ্গিমা তারা নিঁখুতভাবে তৈরি করায় আমি খুবই খুশি।”