বিক্রি হয়নি নিউজিল্যান্ড সিরিজের টিভি স্বত্ব
অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের টিভি স্বত্ব কেনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিভি স্বত্ব বিক্রির দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বেলা দুইটা পর্যন্ত। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, এ সময় পর্যন্ত একটি দরপত্রও জমা পড়েনি।
এখন কেবল আলোচনার মাধ্যমে টিভি স্বত্ব বিক্রির পথ খোলা থাকলো বিসিবির সামনে।
২০১১ সালের এপ্রিলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের সিরিজের পর থেকে দীর্ঘ মেয়াদে টিভি স্বত্ব বিক্রি করতে পারেনি বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজের টিভি স্বত্ব কিনেছিল নিম্বাস। আর গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্বত্ব কিনেছিল বাংলাদেশের চ্যানেল নাইন।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “কোনো দরপত্র জমা না পড়ায় আগে যারা স্বত্ব কিনেছিল, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে টিভি স্বত্ব বিক্রি করতে হবে। প্রোডাকশন তো করতেই হবে, এছাড়া তো সিরিজ সম্ভব নয়।”
নিউজিল্যান্ড সিরিজ আর্থিকভাবে লাভজনক নয় বলে টিভি স্বত্ব কেনায় সাড়া নেই বলে ধারণা বিসিবির।
আগামী বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে দীর্ঘ মেয়াদে টিভি স্বত্ব বিক্রি করা সম্ভব হতে পারে বলে জানান নিজাম উদ্দিন। শ্রীলঙ্কার পর জুনে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডের ঘরোয়া সিরিজ খেলবে বাংলাদেশ।
