২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের অভিযোগপত্রে দাউদ ইব্রাহিমের নাম

আইপিএল স্পট ফিক্সিং তদন্তে অপরাধ জগতের ‘খলনায়ক’ দাউদ ইব্রাহিম ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নাম রেখে অভিযোগপত্র জমা দিয়েছে দিল্লি পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

অভিযোগপত্রে দাউদ ইব্রাহিমের সহকারী ছোটা শাকিল এবং রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানের নামও আছে।

অভিযোগপত্রে দাউদ ও শাকিলকে ভারতীয় ক্রিকেটে অনৈতিক কাজ ও ম্যাচ পাতানোর মূল হোতা বলে উল্লেখ করা হয়। এক দশকেরও বেশি সময় পর দাউদের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগপত্র। অনেক দিন ধরেই তার বিরুদ্ধে পাকিস্তানে থাকা বাজিকরদের মাধ্যমে ভারত জুড়ে ম্যাচ পাতানো নিয়ন্ত্রণের অভিযোগ।

বিসিসিআইয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছে দিল্লি পুলিশ। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ম্যাচ পাতানো রোধে কোনো উদ্যোগ না নেয়ায় তা আইপিএলে হানা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। ছয় হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ৩৯ জনের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ও মহারাষ্ট্র অপরাধ নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জন বর্তমানে পলাতক। গত মে মাসে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্ত-চান্দিলা-চাভান সহ বেশ কয়েকজন বাজিকরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। কয়েক দিন পর শ্রীশান্ত ও চাভান জামিন পেলেও চান্দিলা এখনো কারাগারে আছেন। তবে অভিযোগপত্র গঠনের পর শ্রীশান্ত ও চাভান এবং ১৯ জন বাজিকরের জামিন বাতিলের আবেদন করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।