২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিয়ে তদন্ত কমিটিকে অবৈধ ঘোষণা

আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত আবারো নতুন মোড় নিচ্ছে। সাবেক দুই বিচারকের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিকে ‘বেআইনি ও অসাংবিধানিক’ বলেছে মুম্বাইয়ের উচ্চ আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

আবার তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নতুন কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত।

আগের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রার বিপক্ষে কোনোরকম সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। মায়াপ্পন হচ্ছেন বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা।

আদালতের এই রায়ে কপাল পুড়েছে শ্রীনিবাসনের। তদন্তের স্বার্থে সাময়িকভাবে বোর্ড প্রধানের পদ ছেড়ে দেয়া শ্রীনিবাসন তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর আবার দায়িত্ব বুঝে নেয়ার অপেক্ষায় ছিলেন।

মায়াপ্পন ও কুন্দ্রা, দু’জনই অবশ্য জামিনে মুক্ত আছেন।

তদন্তের দায়িত্বে ছিলেন বিচারক টি জয়রাম চৌটা এবং আর বালাসুব্রামানিয়াম। কিন্তু তারা মায়াপ্পন ও কুন্দ্রাকে নির্দোষ বলে যে প্রতিবেদন দিয়েছেন তার সঙ্গে দ্বিমত পোষন করেছে মুম্বাই পুলিশ। পুলিশের যুক্তি, তদন্ত করে তারা যে তথ্য পেয়েছে তা ঐ প্রতিবেদনে সংযুক্ত করা হয়নি।