সোমবার বিসিবির সভা
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ সভা। এই সভায় বোর্ডের নির্বাচন, প্রিমিয়ার লিগের নতুন তারিখ ঘোষণা, বর্ষপঞ্জি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।
২০১২ সালের ২৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে মামলা থাকায় এত দিন নির্বাচনের উদ্যোগ নিতে পারেনি বিসিবি। তবে আপিল বিভাগের আদেশের পর নির্বাচন দিতে এখন কোনো বাধা নেই।
সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার আশাবাদ জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ২৯ জুলাইয়ের বোর্ড সভায় আলোচনা করে পরদিন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে এনএসসিকে অনুরোধ করবেন তিনি।
