পাকিস্তানের নাটকীয় জয়
সেন্ট ভিনসেন্টে শ্বাসরুদ্ধকর প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শেষ বলের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।
কিংসটাউনের অ্যারন ভেল মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শেষ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত উমর আমিনের (৩৪ বলে ৪৭) আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
সেখান থেকে দলকে নাটকীয় জয় এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা শহীদ আফ্রিদির। ২৭ বলে ২টি বিশাল ছক্কা ও ৪টি চারে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি মাঠ ছাড়ার সময় ১০ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান।
তারপরও সহজে জয় আসেনি, অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। অভিষিক্ত জুলফিকার বাবর (১৭ বলে অপরাজিত ১৩) শেষ বলে লংঅফ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালে উল্লাসে ফেটে পড়ে পাকিস্তান শিবির।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল ৩ উইকেট নেন ৪৪ রানে।
এর আগে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
সেখান থেকে দলকে দেড়শ' পর্যন্ত নিয়ে যান কাইরন পোলার্ড (৩৬ বলে অপরাজিত ৪৯)। এ রান করার পথে ডোয়াইন ব্রাভোর (২৫) সঙ্গে ৫৭ বলে ৫৬ ও অধিনায়ক ড্যারেন স্যামির (১৪ বলে ৩০) সঙ্গে ২৪ বলে ৫৩ রানের দুটি ভালো জুটি দলকে উপহার দেন তিনি।
২৩ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার বাবর।
রোববার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৭ (চার্লস ১, গেইল ৫, স্যামুয়েলস ২৫, সিমন্স ৬, ব্রাভো ২৫, পোলার্ড ৪৯*, স্যামি ৩০, সুনীল ০; বাবর ৩/২৩, হাফিজ ২/৪, ইরফান ১/৩৯)
পাকিস্তান: ১৫৮/৮ (জামশেদ ৬, শেহজাদ ৩, হাফিজ ১৩, আমিন ৪৭, আকমল ৯, আজম ১০, আফ্রিদি ৪৬, বাবর ১৩*, আজমল ০, জুনায়েদ ০*; গ্যাব্রিয়েল ৩/৪৪, সুনীল ১/২৪, বদ্রি ১/২৭, স্যামুয়েলস ১/৩৩)
ম্যাচ সেরা: শহীদ আফ্রিদি।
