আইপিএলের তদন্ত রিপোর্ট নিয়ে বিভ্রান্তি
আইপিএলের স্পট ফিক্সিং সংক্রান্ত তদন্ত রিপোর্ট নিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গন বিভ্রান্ত। বিভ্রান্তি দূর করতে রোববার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যনির্বাহী পরিষদ সভায় বসতে পারে।
বিভ্রান্তির অন্যতম কারণ, তদন্তে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রার ঐ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি। দুজনই এখন জামিনে মুক্ত।
মায়াপ্পন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী। মায়াপ্পনের জন্যই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শ্রীনিবাসনকে।
তদন্তের দায়িত্বে থাকা বিচারক টি জয়ারাম চৌটা এবং আর বালাসুব্রামানিয়াম এ বিষয়ে মুখ খুলছেন না।
শুরুতে এই দুজনের সঙ্গে বোর্ডের সাবেক সচিব সঞ্জয় জাগডালেকে রেখে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু জাগডালে পদত্যাগ করায় চৌটা এবং বালাসুব্রামানিয়ামকে তদন্ত চালিয়ে যেতে হয়।
গত মে মাসে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাসহ বেশ কয়েকজন বাজিকর গ্রেপ্তার হন।
কয়েক দিন পর শ্রীশান্ত ও চাভান জামিন পেলেও চান্দিলা এখনো কারাগারে।
