‘সেপ্টেম্বরের মধ্যে বিসিবি নির্বাচন’
আইনি কোনো জটিলতা না থাকলে সেপ্টেম্বরের মধ্যে বিসিবির নির্বাচন শেষ করতে চান বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, “২৯ জুলাই বোর্ডের সভা রয়েছে। সেদিন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই। এনএসসিকে অনুরোধ করবো ৩০ তারিখ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে।”
“আমার ইচ্ছা সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা। আইনি কোনো সমস্যা না থাকলে এক মাসের মধ্যে নির্বাচন শেষ করতে চাই। বিশ্বকাপের কাজগুলো আনুষ্ঠানিকভাবে করতে দ্রুত নির্বাচন জরুরি। নতুন কেউ আসবে, না আমরাই থাকবো এ নিয়ে আইসিসিও দোটানায় আছে।”
বিসিবি সভাপতি
“ক্লাবের অনেকেই পরিচালক হতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সবাইকে তো পরিচালক বানানো যাবে না। কারণ আছে তো ১২টা, এনএসসি থেকে আসবে ৩টা মিলিয়ে ১৫টা। অভিজ্ঞ, পুরনো, নতুন এবং কিছু খেলোয়াড় আনার ইচ্ছে আছে আমার।”
কাউন্সিলর হিসেবে খেলোয়াড়দের নাম প্রস্তাব করবেন কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, “বেশিরভাগ জায়গায় আমরা ইন্টারফেয়ার করবো না। মানে ৯৫ শতাংশ জায়গায় আমরা ইন্টারফেয়ারই করবো না। আমাদের মেজর...একমাত্র ইন্টারফেয়ারের জায়গা হতে পারে ঢাকা।”
একাধিক প্যানেল হলে নিরপেক্ষতা বজায় রাখতে আইসিসির পরামর্শে নির্বাচন নাও করতে পারেন বলে জানান নাজমুল হাসান। তিনি বলেন, “আইসিসি থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে, একের অধিক প্যানেল থাকলে সভাপতি হিসেবে নিরপেক্ষ থাকতে। সভাপতি কোনো প্যানেলে থাকলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তবে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই নি।”
নির্বাচন না করে এনএসসি কোটায়ও পরিচালক হওয়ার সুযোগ রয়েছে নাজমুল হাসানের।
