ক্রিকেটের দলবদল আবার পেছালো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৯ জুলাইয়ের সভার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল ও টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ দেবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বলেন, “২৯ জুলাই বোর্ড সভার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল ও খেলা শুরুর তারিখ ঘোষণা করার ব্যাপারে আমরা আশাবাদী।”
বিসিবির পঞ্জিকা অনুযায়ী গত মার্চে টুর্নামেন্ট শুরুর কথা ছিল। এরপর তিনবার দলবদলের তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারেই পেছানো হয়।
সর্বশেষ গত ৩ জুলাই বিসিবির অ্যাডহক কমিটির সভায় ২৫ জুলাই দলবদল ও ২৯ অগাস্ট থেকে লিগ শুরুর ঘোষণা দেয়া হয়। পরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাবগুলোর দাবির মুখে সেপ্টেম্বর পর্যন্ত লিগ পিছিয়ে দেয় বিসিবি।
বিজ্ঞপ্তিতে সিসিডিএম সভাপতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিগ শুরুর আশাবাদ প্রকাশ করেন।
