বিশ্বকাপের বিপণন দেখতে ঢাকায় আইসিসি কর্মকতা
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিপণনের দিকগুলো খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই কর্মকর্তা।
আইসিসি টুর্নামেন্ট কমিটির পরিচালক ধীরাজ মালহোত্রা ও মার্কেটিং কমিটির ব্যবস্থাপক কনিকা পুরির উপস্থিতিতে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের মার্কেটিং স্বত্ব কেনার জন্য আগ্রহী চার প্রতিষ্ঠান তাদের প্রস্তাব উপস্থাপন করে।
দেশের টুর্নামেন্ট পরিচালক তানভীর কামরুল ইসলাম বলেন, “আইসিসি প্রতিনিধি দল বিশ্বকাপের প্রস্তুতি দেখতে এসেছেন। মার্কেটিং রাইটস কেনার জন্য আগ্রহী চারটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন দেখেন তারা।”
তবে টিকেটের মূল্য কত হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
২০১৪ সালের মার্চে বাংলাদেশে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর।
২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্বকাপে গ্রুপ পর্বের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল মাত্র ২৫ সেন্ট। ফাইনালের টিকেটের মূল্য ছিল আড়াই থেকে ৪৫ ডলার।
আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসে টিকেটের মূল্য নির্ধারণ করবে বলে জানান তানভীর।
তিনি বলেন, “বিশ্বকাপের সব ম্যাচে গ্যালারি ভরা দর্শক চাই আমরা। টিকেটের দাম তাই ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।”
