মৃত্যুর ১১ বছর পরও আসামি ক্রোনিয়ে
পৃথিবীর মায়া কাটিয়েছেন ১১ বছর আগেই, কিন্তু অপরাধের দায় পিছু ছাড়েনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের।
২০০০ সালের এক ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্রোনিয়েসহ ছয়জনের বিপক্ষে সোমবার দিল্লি আদালতে অভিযোগপত্র দায়েল করেছে পুলিশ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা নয়াদিল্লির পুলিশের অপরাধ বিভাগের কর্মকর্তা কেশব কুমার বলেন, “এই মামলায় ছয়জনকে দোষী সাবাস্ত করা হয়েছে। যাদের তিনজন জামিনে মুক্ত আছেন, দুইজন বিদেশে আছে। ষষ্ঠ জন হলেন হ্যান্সি ক্রোনিয়ে যিনি মারা গেছেন।”
২০০০ সালের ভারত সফরে ঐ স্পট ফিক্সিংয়ের ঘটনার জন্ম দেন দক্ষিণ আফ্রিকার ঐ সময়ের অধিনায়ক ক্রোনিয়ে। তবে দিল্লি পুলিশের দাবি ছিল, ঐ কেলেঙ্কারির সঙ্গে ক্রোনিয়ের তিনজন সতীর্থও জড়িত ছিল।
তবে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই নিজের অপরাধ স্বীকার করে নেন ক্রোনিয়ে। শাস্তি হিসেবে সব ধরণের ক্রিকেট থেকে ক্রোনিয়েকে আজীবন নিষিদ্ধ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এরপর ২০০২ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান ক্রোনিয়ে।
