লাল-সবুজের ম্যাচে ক্রিকেটারদের প্রস্তুতি
ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা দু'টি দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে, যাতে লাল দলকে ৪ উইকেটে হারিয়েছে সবুজ দল।
প্রথম দুটি প্রস্তুতি ম্যাচের মতো প্রতিপক্ষ হিসেবে অনূর্ধ্ব-২৩ দলকে পায়নি জাতীয় দল ও এ দল গঠনের জন্য ডাকা খেলোয়াড়েরা। তাই নিজেরই দুই দলে ভাগ হয়ে খেলতে নামে তারা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বিসিবি লাল দলকে ব্যাট করতে পাঠায় বিসিবি সবুজ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শেষ বলে অল আউট হওয়ার আগে সবুজ দল করে ২১৯ রান। সর্বোচ্চ ৪২ রান করেন নাজমুল মিলন। জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় করেন ৩২ রান।
সবুজ দলের হয়ে ২টি করে উইকেট পান আলাউদ্দিন বাবু, ইলিয়াস সানি ও ফরহাদ রেজা।
জবাবে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সবুজ দল। সর্বোচ্চ ৬৮ রান করেন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস। প্রথম প্রস্তুতি ম্যাচে শতক হাকানো লিটন কুমার দাশ ৫২ রান করে অবসরে যান।
বৃষ্টির বাধায় বিসিবি একাদশ ও অনূর্ধ্ব-২৩ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পণ্ড হয়ে গিয়েছিল।
ম্যাচ শেষে জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সাংবাদিকদের বলেন, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছি না তা ঠিক, কিন্তু এই প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছি আমরা। সামনে জাতীয় দল, 'এ' দল আর অনূর্ধ্ব ২৩ দল গঠন হবে। তাই খেলোয়াড়রাও প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে।
অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। একই সময়ে সিঙ্গাপুরে ৮ দেশের ইমার্জিং কাপ খেলতে যাবে অনূর্ধ্ব-২৩ দল।
