ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন প্রধান হারুন লরগাত
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসির) সাবেক সিইও হারুন লরগাতকে ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে পদটি শূন্য ছিল।
ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সভাপতি ক্রিস নেনজানি শনিবার হারুনকে নিয়োগের কথা জানান।
হারুন অবশ্য এর আগেও সিএসএর হয়ে কাজ করেছেন। ২০০১ সালে তিনি দক্ষিণ আফ্রিকার নির্বাচক হিসেবে কাজ করেন। ২০০৩ সালে তিনি সিএসএর কোষাধজ্ঞ হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালে হন নির্বাচকমণ্ডলীর সভাপতি।
২০০৮ সালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন।
সবশেষে শ্রীলঙ্কা ক্রিকেটের বিশেষ উপদেষ্টা ছিলেন তিনি। এ সময় শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে ও ক্রিকেট প্রশাসনের উন্নয়নের লক্ষ্যে কাজ করেন তিনি।
