রুটের শতকে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
জো রুটের অপরাজিত ১৭৮ রান লর্ডসে দ্বিতীয় টেস্টেও জয়ের স্বপ্ন দেখাচ্ছে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডকে। শনিবার ৫ উইকেটে ৩৩৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা সব মিলিয়ে এগিয়ে আছে ৫৬৬ রানে।
যার অর্থ জিততে হলে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জয়ের কীর্তি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৪১৮ রান করে তিন উইকেটে জিতে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল ক্যারিবীয়রা।
গত দুটো অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ৩১ রান নিয়ে। অথচ শনিবার সারা দিনে তাদের মাত্র দুটো উইকেট পড়েছে। যার মধ্যে একটি ‘নাইটওয়াচম্যান’ টিম ব্রেসনানের। এই দুর্দান্ত প্রতিরোধের মূল কাণ্ডারি যে রুট, তা বলাই বাহুল্য।
বয়স ২২ হলেও চেহারায় এখনো কৈশোরসুলভ সাফল্য। গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় একটি পানশালায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ঘুষি খেয়ে আলোচনায় উঠে আসা রুট যে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন থাকতে এসেছেন, শনিবারের লর্ডস তার প্রত্যক্ষদর্শী।
প্রথমে ব্রেসনানের (৩৮) সঙ্গে ৯৯ রানের জুটি, তারপর টানা দুটো শতক করা ইয়ান বেলকে (৭৪) নিয়ে পঞ্চম উইকেটে ১৫৩ রানের জুটির নির্মাণ, সবশেষে ইয়র্কশায়ার-সতীর্থ জনি বেয়ারস্টোর (১১*) সঙ্গে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি – সারা দিন ধরে ব্যাট করে রুট এখন ক্রিকেট-ভক্তদের আলোচনার কেন্দ্রে।
গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হোম গ্রাউন্ড’ হেডিংলিতে প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছিলেন। শনিবার পেলেন দ্বিতীয়টা। তবে টেস্ট ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে এটাই রুটের প্রথম শতক।
সেই শতক কী ধৈর্য্য আর অধ্যবসায়েই না গড়া! প্রায় ৮ ঘণ্টা দীর্ঘ, ১১০ ওভার স্থায়ী, ৩৩৪ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো ১৮টি চার ও দুটি ছক্কায়।
লর্ডসে রুটের অবিস্মরণীয় ব্যাটিংয়ের দিনে একটা বিতর্কেরও জন্ম হয়েছে। তবে বিতর্কের কারণ এবারের অ্যাশেজ জুড়ে চলা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) নয়।
রায়ান হ্যারিসের বলে বেলের ব্যাট থেকে আসা একটি ক্যাচ গালিতে থাকা স্টিভেন স্মিথ সামনে ঝুঁকে পড়ে নিলেও দুই আম্পায়ারের সন্দেহ হওয়ায় তারা সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ার টনি হিলের দ্বারস্থ হন। কয়েক বার রিপ্লে দেখেও সেটা ক্যাচ ছিল না কিনা তা বুঝতে পারেননি হিল। তাই তখন তিন রানে থাকা বেল ‘বেঁচে’ যান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৬১ (বেল ১০৯, বেয়ারস্টো ৬৭, ট্রট ৫৮; হ্যারিস ৫/৭২, স্মিথ ৩/১৮) ও ৩৩৩/৫ (কুক ৮, রুট ১৭৮*, ট্রট ০, পিটারসেন ৫, ব্রেসনান ৩৮, বেল ৭৪, বেয়ারস্টো ১১*; সিডল ৩/৬৫, প্যাটিনসন ১/৪২, স্মিথ ১/৬৫)
অস্ট্রেলিয়া: ১২৮ (ওয়াটসন ৩০, ক্লার্ক ২৮; সোয়ান ৫/৪৪, ব্রেসনান ২/২৮)
