বেলের শতকের পর স্মিথের আঘাত
ইয়ান বেলের টানা দ্বিতীয় শতকে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়ে শেষ করার দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু স্টিভেন স্মিথ শেষ বেলায় তিন উইকেট তুলে নেয়ায় লর্ডসে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৮৯ রান।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় ইংল্যান্ড।
জো রুটকে (৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর কেভিন পিটারসেনকে (২) ব্র্যাড হ্যাডিনের গ্লাভসবন্দী করেন মিচেল স্টার্কের জায়গায় দলে ফেরা রায়ান হ্যারিস। আর ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক (১২) এলবিডব্লিউ হয়ে যান শেন ওয়াটসনের বলে।
তবে চতুর্থ উইকেটে জোনাথন ট্রটের (৫৮) সঙ্গে ৯৯ ও পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ১৪৪ রানের দুটো ভালো জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন বেল।
১৯তম শতকের দেখা পাওয়া বেলের ব্যাট থেকে আসে ১০৯ রান। ২১১ বলের ইনিংসে ১৬টি চার।
বেলের দৃঢ়তায় ৪ উইকেটে ২৭১ রানে পৌঁছে যাওয়া ইংল্যান্ড দিনটা ভালোভাবে শেষ করার স্বপ্ন দেখছিল। কিন্তু স্মিথের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে চুরমার হয়ে যায় সেই স্বপ্ন।
ইনিংসের ৭৭তম ওভারে বল করতে এসেই সাফল্য পেয়ে যান স্মিথ। বেলকে অধিনায়ক মাইকেল ক্লার্কের ক্যাচে পরিণত করেন তিনি।
১২ রানের মধ্যে বেয়ারস্টো (৬৭) ও ম্যাট প্রায়রও (৬) স্মিথের শিকার। বেয়ারস্টো ফিরতি ক্যাচ দিয়ে আর প্রায়র কট বিহাইন্ড হয়ে বিদায় নেয়ায় প্রথম দিন হাসি মুখে শেষ করতে পারেনি ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৮৯/৭ (কুক ১২, রুট ৬, ট্রট ৫৮, পিটারসেন ২, বেল ১০৯, বেয়ারস্টো ৬৭, প্রায়র ৬, ব্রেসনান ৭*, অ্যান্ডারসন ৪*; স্মিথ ৩/১৮, হ্যারিস ৩/৪৩, ওয়াটসন ১/৪১)
