২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস ও আম্পায়ারে সমর্থন আইসিসির

অ্যাশেজের প্রথম টেস্টে সমালোচনার মুখে পড়া ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) আর আম্পায়ারদের পেছেনে এসে দাঁড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 08:55 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

অবশ্য জোনাথন ট্রটের আউট আর স্টুয়ার্ট ব্রডের নট আউটের ক্ষেত্রে যে ভুল হয়েছে, তাও স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের পর আম্পায়ার আর ডিআরএস নিয়ে মূল্যায়নে বসে আইসিসি। তাদের মতে প্রথম টেস্টে আম্পায়ারদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে ৭২ বার সিদ্ধান্ত দিতে হয়েছে, যা একটি ডিআরএস টেস্টে ম্যাচের গড় সিদ্ধান্তের (৪৯) চেয়ে অনেক বেশি।

আলিম দার, কুমার ধর্মসেনা ও ম্যারেইস ইরাসমাসকে নিয়ে গড়া আম্পায়ার দল ম্যাচে সাতটি ভুল সিদ্ধান্ত দিয়েছিল। এর মধ্যে চারটি ডিআরএস ব্যবহারের মাধ্যমে বদলানো গেছে, তিনটি ভুলই থেকে গেছে।

ডিআরএস ব্যবহারের আগে এই টেস্টে সঠিক সিদ্ধান্ত ছিল ৯০ দশমিক ৩ শতাংশ, যা ডিআরএস ব্যবহারে পর ৯৫ দশমিক ৮ শতাংশে উঠেছে। ফলে ডিআরএস সঠিক সিদ্ধান্ত বাড়িয়েছে ৫.৫ শতাংশ, যা ২০১২-১৩ সালের ডিআরএস টেস্টেগুলোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত বাড়ার গড়ের সমান।

আইসিসির হিসেবে এই টেস্টে যে তিনটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত রয়ে গেছে সেগুলো হলো, ট্রটের এলবিডব্লিউ না দেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত ডিআরএস এর ভুলে পাল্টে দেয়া এবং ব্রডের কট বিহাইন্ড ও এলবিডব্লিউর দু'টি আবেদনে আম্পায়ারের সাড়া না দেয়া, যা ডিআরএসের সাহায্য চাওয়া ফুরিয়ে যাওয়ায় চ্যালেঞ্জ জানানো যায়নি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক আগেভাগেই ডিআরএস সুবিধা চাওয়ার সুযোগ খরচ করে না ফেললে এ দুটো ভুল শোধরানো যেত।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ম্যাচে রিভার্স সুইং ও স্পিন একটা বড় ভূমিকা রেখেছে, যা উত্তেজনায় ঠাসা অ্যাশেজের প্রথম টেস্টে আম্পায়ারদের জন্য সিদ্ধান্ত দেয়া কঠিন করে তুলেছে।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, "কঠিন পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা ভালোই করেছেন। খেলোয়াড়দের মতো আম্পায়ারের ক্ষেত্রেও ভালো দিন এবং খারাপ দিন আসে; কিন্তু আমরা সবাই জানি ঠিক হোক বা ভুল হোক আম্পায়ারের সিদ্ধান্তুই চূড়ান্ত এবং তা অবশ্যই মেনে নিতে হবে।

"আইসিসির আম্পায়ারদের সামর্থের উপরে পূর্ণ আস্থা রয়েছে। প্রযুক্তির উপর আমাদের আস্থাও আরো জোরদার হয়েছে, কারণ আমরা দেখেছি ট্রেন্ট ব্রিজ টেস্টে ডিআরএস ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত বেড়েছে", যোগ করেন তিনি।

প্রযুক্তির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত ৫.৫ শতাংশ বাড়ানোটা সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, "আমাদের আম্পায়ারিং ও ডিআরএস আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।"