পাকিস্তানের প্রধান নির্বাচক পদে মঈন খান
পাকিস্তানের প্রধান নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার এ কথা জানিয়েছে।
পিসিবির সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিমের স্থলাভিষিক্ত হবেন মঈন। তবে নির্বাচন কমিটির অন্যান্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।
এই মাসের শুরুতে বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান কাশিম।
প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে গর্বিত বোধ করছেন মঈন। তিনি বলেন, “(পিসিবির) জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়াটা দারুণ সম্মানের। অতীতে অনেক নামকরা ব্যাক্তিরা এই দায়িত্ব পালন করেছেন আর সম্প্রতি এই পদে ছিলেন কিংবদন্তির ইকবাল কাশিম।”
“একটা চ্যালেঞ্জ হিসেবে এই প্রস্তাব আমি নিয়েছি। আমি খুশি যে, ২০১৫ বিশ্বকাপে ভালো করার চ্যালেঞ্জ নিতে সক্ষম ক্রিকেটারদের তৈরি করতে আমার ভাবনার সঙ্গে পিসিবিও একমত।”
১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৯ টেস্টে ২৮.৫৫ গড়ে ২৭৪১ রান ও ২১৯ ওয়ানডেতে ২৩ গড়ে ৩২৬৬ রান করেন মঈন। এছাড়া টেস্টে ১২৮টি ক্যাচ ও ২০টি স্ট্যাম্পিং এবং ওয়ানডেতে ২১৪ টি ক্যাচ ও ৭৩টি স্ট্যাম্পিং করেছেন দেশটির ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল এই উইকেটরক্ষক।
