২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস টেস্টের দলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড

লর্ডস টেস্টের জন্য প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট ১৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অধিনায়ক অ্যালিস্টার কুকের দল।

পেসার স্টিভেন ফিন প্রথম টেস্টে তেমন সাফল্য না পেলেও তার উপর আস্থা রেখেছেন নির্বাচকেরা। ওই টেস্টে দুই ইনিংসে ৩৫ ওভার বল করে ১১৭ রান দিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি। লর্ডসে হোমগ্রাউন্ডে তিনি ভালো করবেন বলে হয়তো মনে করছেন নির্বাচকেরা।

ফিন বাদ পড়লে তার জায়গায় টিম ব্রেসনান অথবা গ্রাহাম অনিয়ন্স সুযোগ পেতেন।

লর্ডস টেস্টের দল নিয়ে ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, “লর্ডস টেস্টের জন্য একই দল বেছে নিয়েছি যাতে তা অ্যালিস্কার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিজে সাহায্য করে।”

“এই টেস্ট সিরিজের সূচনাটি দুরন্ত। দক্ষতা ও অবিচলতার কোনো ঘাটতি দেখায়নি দু'দলই। কোনো সন্দেহ নেই যে, সিরিজের বাকি ম্যাচগুলোও সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে”, যোগ করেন তিনি।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন ও গ্রাহাম ওনিয়ন্স।