শেষে ম্যাচসেরা আন্ডারসনই
অনেক নাটকীয়তার প্রথম টেস্টে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। ১৪ রানে স্বাগতিকদের এই জয়ের মূল নায়ক পেসার জেমস অ্যান্ডারসন।
দুই ইনিংসেই ৫টি করে মোট দশটি উইকেট নিয়ে ম্যাচসেরা তাই অ্যান্ডারসনই। কিন্তু ক্ষণে ক্ষণে মোড় ঘোরা এই ম্যাচে নায়ক হতে পারতেন অস্ট্রেলিয়ার হাডিনও। দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি।
স্বাগতিকদের জয়ের আরেক নায়ক ব্যাটসম্যান ইয়ান বেল। ৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংলিশরা যে শেষপর্যন্ত ৩৭৫ রান করে প্রতিপক্ষের সামনে ৩১০ রানের জয়ের টার্গেট দেয় তার অন্যতম কারিগর বেল। ১০৯ রান করেন তিনি।
অস্ট্রেলিয়া জিতলে ম্যাচের নায়ক হতে পারতেন অভিষেকেই রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার। প্রথম ইনিংসে খাদের কিনারা থেকে ঘুঁরে দাঁড়িয়ে যে লিড নিয়েছিল অস্ট্রেলিয়া তার মুল কৃতিত্ব তো এই বোলারেরই।
একাদশতম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৯৮ রানের রেকর্ড গড়ার পাশাপাশি সতীর্থ ফিল হিউজের সঙ্গে টেস্টের ইতিহাসে শেষ উইকেটে সর্বোচ্চ ১৬৩ রানের রেকর্ড জুটি গড়েন তিনি।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও শেষ উইকেটে ৬৫ রান করে উল্টো স্বাগতিকদের মনেই ঢুকিয়েছিল হারের শঙ্কা। কিন্তু হ্যাডিনকে (৭১) ম্যাট প্রায়রের ক্যাচে পরিণত করে দলকে স্বস্তির জয় এনে দেন অ্যান্ডারসন।
শুধু কি তাই, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ চারটি উইকেট নিয়েছেন এই পেস বোলার।
তাইতো ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ ক্যা্প্টেন কুক।
“জিমি (অ্যান্ডারসন) দারুন খেলেছে। সবসময় সে আরো একটা ওভার করতে চাচ্ছিল; ১৩ ওভার অনেক বেশি। সে একজন বিশ্বমানের বোলার। তাই কখনো কখনো লক্ষ্য অর্জনে আপনাকে শুধু তাকে ব্যবহার করতে হবে।”
“অস্ট্রেলিয়া কঠিন লড়াই করেছে কিন্তু আমরা লক্ষ্যের প্রতি নিবিষ্ট ছিলাম”, দলের অন্যান্যদেরও প্রশংসা করলেন কুক।
এমন ম্যাচ হেরে হতাশ নন ক্লার্ক। বললেন, “এমন হারের পর ছেলেরা মাথা উঁচু রাখতেই পারে। দারুণ একটা ম্যাচ শেষ হলো।”
তবে প্রতিপক্ষকে বাহবা দিতে কার্পন্য করেননি তিনি, “ইংল্যান্ডকে শুভেচ্ছা। তারা কঠিন লড়াই করেছে। ম্যাচের সেরা দুই পারফর্মার হলো ইয়ান বেল ও জেমস অ্যান্ডারসন। তাই জয়টা তাদেরই প্রাপ্য।
