আমিরের উপর নিষেধাজ্ঞা উঠেনি
স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরকে শর্তসাপেক্ষে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
কিন্তু আইসিসি কর্মকর্তারা এ খবর উড়িয়ে দিয়ে জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আমিরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠানো বা তা বহাল রাখা নিয়ে আগামী অক্টোবরে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজাম সেঠি জানান, তিনি আমিরের বিষয়টি বিবেচনা করার জন্য আইসিসিকে অনুরোধ করেছেন।
২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেংকারীর পর পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।
দুর্নীতি করার দায়ে ব্রিটেনে জেলও খাটতে হয় তাদের। তবে বয়স কম হওয়ার কারণে আমিরকে পাঠানো হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে।
আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যা শেষ হতে এখনো দুই বছর বাকি। তবে আইসিসির সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় তার শাস্তি কমানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে অনুরোধ করেন।
পিসিবির ঐ অনুরোধ বিবেচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে আইসিসি।
