২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেল-ব্রডের দৃঢ়তায় ইংল্যান্ডের স্বস্তি

ইয়ান বেল ও স্টুয়ার্ট ব্রডের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। শুক্রবার তৃতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ৩২৬ রান। চার উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে ২৬১ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

অষ্টাদশ শতকের অপেক্ষায় থাকা বেল ব্যাট করছেন ৯৫ রান নিয়ে। সঙ্গী ব্রড ৪৭ রানে অপরাজিত।

ট্রেন্ট ব্রিজে ২ উইকেটে ৮০ রান নিয়ে ব্যাট করতে নেমে দলকে ভালো ভাবেই এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন। প্রথম পানি-পানের বিরতির ঠিক আগে ৬৪ রান করা পিটারসেনকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেমস প্যাটিনসন।
কুক-পিটারসেনের ১১০ রানের জুটি ভেঙ্গে যাওয়ার ১৩ বল পর ইংরেজদের জন্য আরেকটি বড় ধাক্কা, অ্যাশটন অ্যাগারের বলে কুক (৫০) প্রতিপক্ষ অধিনায়ক মাইকেল ক্লার্কের তালুবন্দী। আগের দিন ব্যাট হাতে রেকর্ড গড়া বাঁহাতি স্পিনার অ্যাগারের এটাই প্রথম টেস্ট উইকেট।

ছয় নম্বরে নামা জনি বেয়ারস্টো বেশি দূর যেতে পারেননি, ১৫ রান করে অ্যাগারের বলেই ক্যাচ দেন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনকে। পরের ব্যাটসম্যান ম্যাট প্রায়র অবশ্য ৩১ রান উপহার দেন দলকে। তবে পিটার সিডল তাকে বিদায় করার সময় ১৫৩ রানে এগিয়ে থেকে বেশ অস্বস্তিতেই ছিল ইংল্যান্ড।

সপ্তম উইকেটে বেল-ব্রডের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই অস্বস্তি উল্টো অস্ট্রেলিয়ার ‘ঘাড়ে সওয়ার’ হয়েছে। ধৈর্র‌্যের প্রতিমূর্তি বেলের ২২৮ বলের ইনিংসে ১২টি চার। ১২২ বল খেলে ৫টি চার মারা ব্রডও কম ধৈর্র‌্যের পরিচয় দেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২১৫ (ট্রট ৪৮, বেয়ারস্টো ৩৭; সিডল ৫/৫০) ও ৩২৬/৬ (কুক ৫০, রুট ৫, ট্রট ০, পিটারসেন ৬৪, বেল ৯৫*, বেয়ারস্টো ১৫, প্রায়র ৩১, ব্রড ৪৭*; স্টার্ক ২/৬৬, অ্যাগার ২/৮২, সিডল ১/৬৩, প্যাটিনসন ১/৮৯)

অস্ট্রেলিয়া: ২৮০ (অ্যাগার ৯৮, হিউজ ৮১*, স্মিথ ৫৩; অ্যান্ডারসন ৫/৮৫)